অনুমতি ছাড়া গাছ কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের অনুমতি ছাড়া রাজশাহী নগরে গাছ কাটা চলছেই। সর্বশেষ গতকাল মঙ্গলবার বর্ণালি মোড় এলাকার একটি মেহগনি ও একটি কড়ইগাছ কাটা হয়েছে। দুটি গাছই ১৫-২০ বছর বয়সী।
রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, তাঁদের কাছ থেকে এসব গাছ কাটার অনুমতি নেওয়া হয়নি। গাছ কাটতে হলে অবশ্যই বন বিভাগের অনুমতি নিতে হয়। তিনি আরও বলেন, গাছ কাটতে হলে গাছের মূল্য নির্ধারণ করতে হয় বন বিভাগের কাছ থেকে। মূল্য নির্ধারিত হলে গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করতে হয়। এই নীতিমালার বাইরে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।
গতকাল সকাল ১০টার দিকে বর্ণালি মোড়ে গিয়ে দেখা যায়, সড়ক বিভাজকের ওপর একটি মেহগনিগাছ করাত দিয়ে কাটা হচ্ছে। তার আগে কাটা হয়েছে কড়ইগাছটি। কাটা গাছের ডালপালা রাস্তার ওপরে এলোপাতাড়িভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর আগে গত ডিসেম্বর ও মার্চ মাসে সড়ক সম্প্রসারণের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই নগরের শ্রীরামপুর এলাকার ফায়ার ব্রিগেড থেকে ভেড়ীপাড়ার মোড় পর্যন্ত রাস্তার পাশের প্রায় ৫০টি তাজা শিশুগাছ কাটা হয়। অক্টোবরে কাটা হয় ২৪ নম্বর ওয়ার্ডের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৪টি শিশুগাছ। ওই ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলীই গাছগুলো কাটেন। তখন আরমান আলী বলেছিলেন, সিটি করপোরেশন থেকে ইজারা নিয়ে গাছগুলো কাটা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতিই নেওয়া হয়নি।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় নতুন গাছ লাগানোর জন্য গাছগুলো কাটা হচ্ছে। এলোমেলোভাবে বেড়ে ওঠা গাছ কেটে নতুন করে কাঠ করবীর গাছ লাগানো হবে।