অনুমতি ছাড়াই শিক্ষক দুই বছর ধরে অনুপস্থিত!
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক শিক্ষক অনুমতি ছাড়া প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। উপজেলার মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা সুলতানার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাহমুদা সুলতানা ২০১২ সালের ১ জানুয়ারি ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। ২০১৩ সালের ১ জানুয়ারি তিনি মাতৃত্বকালীন ছুটিতে (ছয় মাস) চলে যান। ২০১৩ সালের ১ জুলাই থেকে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি না নিয়েই এরপর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তাঁর বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি প্রাথমিক শিক্ষা কার্যালয়কে নিয়মিত জানাচ্ছেন প্রধান শিক্ষক স্বপ্না মোদক।
এ ব্যাপারে প্রধান শিক্ষক স্বপ্না মোদক বলেন, নিয়ম অনুযায়ী বিদ্যালয়-প্রধানের কাছে ছুটির আবেদন করতে হয়। প্রধান শিক্ষকের সুপারিশে প্রাথমিক শিক্ষা কার্যালয় ছুটি মঞ্জুর করে থাকে। মাহমুদা সুলতানার মাতৃত্বকালীন ছুটির আবেদন পাওয়ার পর তিনি (স্বপ্না) অনেকটা অবাক হয়েছিলেন। কারণ সে সময় মাহমুদা ওই ছুটির উপযুক্ত ছিলেন না। তাই তাঁর আবেদনপত্রে তিনি সই করেননি। পরবর্তী সময়ে মাহমুদা কীভাবে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করালেন তা তিনি বলতে পারবেন না। ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ না দেওয়ায় মাহমুদাকে অনুপস্থিত দেখানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে।
তবে ওই শিক্ষকের ছুটির আবেদনপত্রে নান্দাইলের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেনা বেগমের সই রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মুঠোফোনে গত মঙ্গলবার (৯ জুন) রাহেনা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
এ ব্যাপারে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিএও) আনারকলি নাজনীন বলেন, ওই শিক্ষকের অনুপস্থিতির প্রতিবেদন দুই মাস পরপর জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক মুঠোফোনে গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টির খোঁজ নেবেন। পরে তিনি এ প্রতিবেদককে ফোন করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।