অনুমতি ছাড়া ২১ গাছ কেটে নিল স্কুল কর্তৃপক্ষ
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধভাবে ২১টি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বড় গাছও রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই দুটি গাছ কাটার কারণ জানতে চেয়ে ১২ ফেব্রুয়ারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চিঠি দিয়েছেন। তাঁদের আজ বুধবার বিকেলে মধ্যে এ-সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ শতাংশ জমি রয়েছে। ওই জমি থেকে আপনার (বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক) মাধ্যমে দুটি বড় গাছ কেটে নেওয়া হয়েছে, যা বিদ্যালয় জাতীয়করণকালীন সময়ে শিক্ষকদের হাতে লাগানো। কোন ক্ষমতাবলে বা মালিকানায় ওই গাছ কাটা হয়েছে তার ব্যাখ্যাসহ কাগজপত্র নিয়ে আগামী তিন দিনের মধ্যে শিক্ষা অফিসে জমা দেওয়ার জন্য বলা হলো।’
গতকাল মঙ্গলবার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, একই সীমানার মধ্যে দুটি বিদ্যালয়। বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠ থেকে বড় ছয়টি মেহগনি, তিনটি শিশু, অন্তত ১০টি তাল ও খেজুরগাছ কেটে বিক্রি করে দিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা থেকেও দুটি মেহগনিগাছ কেটে নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ১৯৮৫ সালের দিকে প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন শিক্ষকেরা বিদ্যালয়ের আঙিনায় অনেক মেহগনিগাছ লাগান। বিদ্যালয় ছুটির দিন গত শুক্রবার দুটি বড় মেহগনিগাছ কেটে নিয়েছে বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি গাছের গোড়া পর্যন্ত মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে, যাতে কেউ বুঝতে বা ছবি তুলতে না পারে।
এ বিষয়ে পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, ‘যে গাছ দুটি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় বলে দাবি করা হচ্ছে, প্রকৃত অর্থে ওই জায়গাটি বালিকা বিদ্যালয়েরই। সংগত কারণে ওই গাছের মালিকানা বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের। নতুন একটি ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের আঙিনা থেকে আরও কিছু গাছ কাটতে হয়েছে। গাছগুলো কাটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়া আছে।’
তবে এ ব্যাপারে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার জন্য সরকারি নিয়মনীতি রয়েছে। কিন্তু বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।’
ইউএনও জানান, নতুন ভবন নির্মাণের জন্য আটটি মেহগনি ও তিনটি শিশুগাছ কাটার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ডিসেম্বর মাসে একটি চিঠি পাঠান। ওই চিঠি বন বিভাগে পাঠানো হয়। কিন্তু গাছ কাটার জন্য চূড়ান্তভাবে কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।