অনুমতি ছাড়াই গাছ বিক্রি করলেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা দেড় লাখ টাকা মূল্যের গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থানায় ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় সূত্র জানায়, উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের সামনে প্রায় ২৫ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, গতকাল সকালে ভূরঘাটার গাছ ব্যবসায়ী শামছুল হক ফকির আট থেকে ১০ জন শ্রমিক নিয়ে বিদ্যালয় চত্বরে থাকা দুটি বড় মেহগনিগাছ কাটা শুরু করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন এসে গাছ কাটায় বাধা দেন।
গাছ ব্যবসায়ী শামছুল হক ফকিরসহ শ্রমিকেরা জানান, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রাজ্জাক হাওলাদার দুটি মেহগনি ও তিনটি রেইনট্রি গাছ তাঁদের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেছেন।