অনুমতি ছাড়াই পাহাড় কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের পশ্চিমে স্বেতছড়া এলাকায় অনুমতি ছাড়া এক সপ্তাহ ধরে তিনটি পাহাড় কাটা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মীরসরাই-ফটিকছড়ি সড়কের ৯ কিলোমিটার অংশ সম্প্রসারণ ও পাকাকরণের কাজ করছে। এ জন্য পাহাড় তিনটি কাটা হচ্ছে।
মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, পাহাড় কাটার মাটি দিয়ে সড়কের নিচু অংশ ভরাট করা হচ্ছে। আবার পাহাড়ের মাঝ দিয়ে যাওয়া সড়ক সম্প্রসারণের জন্যও পাহাড় কাটা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে তিনটি পাহাড়ের প্রায় অর্ধেক কেটে ফেলা হয়েছে। সেখানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর রাখা আছে। আর মাটি নেওয়ার জন্য সড়কে দাঁড়িয়ে আছে একটি ট্রাক।
ট্রাকের চালক মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাটি কাটা হয়।
সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্সের মালিক মুহাম্মদ সেলিম বলেন, সড়কের কাজে ব্যবহারের জন্য পাহাড় কাটা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থেই সড়ক সম্প্রসারণের কাজ করা হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সড়ক নির্মাণের জন্য পাহাড় কাটার খবর শুনেছি। এর সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, পাহাড় কাটার বিষয়টি তিনি জানেন না। তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন বলেন, তাঁরা ওই জায়গায় পাহাড় কাটার কোনো অনুমতি দেননি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।