অনুমতি ছাড়াই বসবে মেলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠ ব্যবহারের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ দখল শুরু করেছে বিজয় মেলা কমিটি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মাঠ ব্যবহারের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ দখল শুরু করেছে বিজয় মেলা কমিটি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সরকারি নিষেধ উপেক্ষা করে এবারও চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার প্রস্তুতি শুরু করেছে একটি মহল।

স্থানীয় লোকজনের অভিযোগ, ওই বিদ্যালয় মাঠে এভাবে মাসজুড়ে মেলা করা হলে আশপাশের পাঁচটি বিদ্যালয় ও কলেজের বহু শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন বেশ ভোগান্তির শিকার হয়। তাঁরা মেলাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।

হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘মাঠ আমাদের। কিন্তু এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করে প্রতিবছর বিজয় মেলার নামে বাণিজ্য মেলা করে ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মেলা কমিটি। স্কুল একটি টাকাও কখনো পায় না।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলী খান বলেন, ‘আমাদের কাছে এবারও মেলা কমিটির পক্ষ থেকে মাঠে মেলা করার অনুমতি নিতে লোকজন এসেছিল। কিন্তু আমি তাদের ফিরিয়ে দিই। কারণ বিদ্যালয় মাঠে কোনো মেলা, সার্কাস, বাণিজ্যিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না মর্মে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১০ সালে প্রজ্ঞাপন জারি করে আমাদের চিঠি দেওয়া হয়েছে।’

জানা যায়, প্রতিবছর ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী এই বিদ্যালয় মাঠে মেলা চলায় শহরে প্রতিদিন যানজট লেগে থাকে। মেলায় মাইকের শব্দ ও লোকজনের শোরগোলে হাসান আলী উচ্চবিদ্যালয় ছাড়াও চাঁদপুর সরকারি মহিলা কলেজ, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদানসহ পরীক্ষা নিতেও সমস্যা হয়। হাসান আলী উচ্চবিদ্যালয় ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসজুড়ে খেলাধুলাও বন্ধ রাখতে হয়।

মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবুল বাশার বলেন, ‘মাঠটি হাসান আলী উচ্চবিদ্যালয়ের। কিন্তু আমার বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে। ওরাও এটি ব্যবহার করে। ওদের অ্যাসেম্বলি হয়। কিন্তু ডিসেম্বর মাসে মেলার কারণে এগুলো করা যায় না।’

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাঠের পাশেই ছাত্রাবাসটি। এখানে প্রায় ২০০ মেয়ে থাকে। মেলা হলে রাতে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে। তা ছাড়া বিভিন্ন রকম মানুষের আনাগোনায় মাসজুড়ে আতঙ্কে থাকতে হয়। কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া বলেন, ‘মেলাটি অন্যত্র সরিয়ে নেওয়া যায় কি না, তা নিয়ে আমরা শিক্ষকেরা এবার বসব। তারপর বিষয়টি প্রশাসনকেও জানাব।’

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা বলেন, ‘বিজয় মেলা হোক তা আমরাও চাই। কিন্তু এই মাঠে না। এখানে মাসব্যাপী মেলা হলে লেখাপড়াসহ স্বাভাবিক চলাফেরার পরিবেশ নষ্ট হয়।’

মেলা উদ্‌যাপন কমিটির সাবেক চেয়ারম্যান সেলিম আকবর বলেন, বিজয় মেলার নামে এখানে আসলে বাণিজ্য মেলাই চলে। এ নিয়ে স্থানীয়ভাবে তর্ক-বিতর্ক রয়েছে। তিনি আরও বলেন, এভাবে মেলার নামে ‘মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট’ ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করা হচ্ছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘আমি এই মাঠে মেলা করার ব্যাপারে বারবার নিষেধ করে আসছি। স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনকে অনুমতি না দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে বলেছি। এবারও আমি প্রশাসনকে অনুরোধ জানাব এখানে মেলার অনুমতি না দেওয়ার জন্য।’

এদিকে বিজয় মেলার বর্তমান কমিটির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, ‘এই বিদ্যালয় মাঠটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত। তাই এই মাঠটি আমরা দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবহার করছি। এবার ব্যবহারের অনুমতি না দিলে আমরা বলব, এ সরকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।’

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমরা এবার এই মাঠে মেলা করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তবে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মেলাটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টিও আমরা দেখব।’

জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল বলেন, ‘গত বছর মেলা কমিটি আমার কাছ থেকে শেষবারের মতো অনুমতি নিয়ে ওই মাঠে মেলা করেছে। এ বছর এখনো তাদের অনুমতি দিইনি।’