অনুমতি ছাড়াই সেবা চালু করছে ক্লিনিক-হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি নিয়ে যেসব প্রতিষ্ঠান নিবিড় পরিচর্যা কেন্দ্র, করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালাইসিস ইউনিট চালাচ্ছে, তাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য চেয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চার মাসে ঢাকার ৪২টি ও ঢাকার বাইরের মাত্র ২টি প্রতিষ্ঠান তথ্য দিয়েছে। অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, এসব তথ্যে দেখা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই বেশির ভাগ প্রতিষ্ঠান আইসিইউ, সিসিইউর মতো সেবা চালু করেছে।
ঢাকার যে ৪২টি প্রতিষ্ঠান তথ্য দিয়েছে, তার মধ্যে আবার ১০টি প্রতিষ্ঠান সব তথ্য দেয়নি। এই ক্লিনিকগুলোর অবস্থান রাজধানীর উত্তরা, রামপুরা, লালমাটিয়া, ধানমন্ডি, সোনারগাঁও সড়ক, ফার্মগেট, খায়েরটেক ও মগবাজার এলাকায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক শামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা কিছু শর্ত ঠিক করে দিয়েছেন। নতুন করে কেউ বিশেষায়িত সেবা দেওয়ার অনুমতি চাইলে শর্তগুলো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরোনো প্রতিষ্ঠানগুলো যখন লাইসেন্স নবায়ন করতে আসছে, তখনো তাদের এই নির্দেশনা মানার নির্দেশ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলছে। মোটা দাগে অভিযানে যে সমস্যাগুলো ধরা পড়ছে, সেগুলো হলো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নিয়ে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। তারা আলাদাভাবে কোনো অনুমোদন নেয়নি। প্রয়োজন না থাকলেও প্রায়ই অতিরিক্ত টাকা আদায়ের জন্য রোগীদের আইসিইউতে নেওয়া হচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা মানুষের জন্য বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংখ্যায় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স থাকার কথা। প্রশিক্ষিত জনবলের অভাবে আইসিইউ, সিসিইউর দায়িত্ব একজন চিকিৎসা কর্মকর্তার ওপর ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম ব্যবহার করছে।
অভিযানে ছোট, মাঝারি মানের ক্লিনিকের মতো বড়, ব্যয়বহুল ক্লিনিক হাসপাতালগুলোরও গাফিলতি ধরা পড়েছে। গত বছরের শেষ দিকে এবং এ বছরের শুরুর দিকে পান্থপথ, ধানমন্ডি ও মহাখালীর খ্যাতনামা তিনটি বেসরকারি হাসপাতালকে অনুমোদনহীন আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ পরিচালনার জন্য স্বাস্থ্য, র্যা ব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ একটি দল প্রায় ২০ লাখ টাকা জরিমানা করে।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, তিনি তাঁদের সংগঠনের তিন হাজার সদস্যকে অধিদপ্তরে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এসব প্রতিষ্ঠান বিশেষায়িত সেবা দেয় না। তবে মাত্র ৪৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়ার খবরটি দুঃখজনক।
জানতে চাইলে স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অভিযান চালালে সুফল পাওয়া যাবে না। একটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর পর আর সেটির খোঁজ রাখা হচ্ছে না। কিছুদিন পরই সেটি খুলে যাচ্ছে। ফলে অন্য আর যেসব ক্লিনিক নিয়ম না মেনে বিশেষায়িত সেবা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে, সেগুলো অভিযানকে পাত্তা দিচ্ছে না।
৩৪ বছরের পুরোনো আইনে ঝামেলা: সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনো দেশের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো চলছে ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ অনুযায়ী। ওই অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় মেডিসিন, সার্জারি (শল্যচিকিৎসা) এবং গাইনি অ্যান্ড অবসের (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) চিকিৎসা দেওয়ার অনুমতি নেয় প্রতিষ্ঠানগুলো। আদতে আইনে বিশেষায়িত সেবা দেওয়ার জন্য আলাদাভাবে কিছু বলা নেই।
সূত্র জানায়, নির্দেশনায় আইসিইউ ব্যবস্থাপনার জন্য আলাদাভাবে কী কী যন্ত্রপাতি লাগবে, সেই নির্দেশনা ঠিক করেছে অধিদপ্তর। এ ছাড়া জটিল মুহূর্তে রোগীদের সেবা দিতে পারেন এমন একজন বিশেষজ্ঞকে সার্বক্ষণিকভাবে হাসপাতালে হাজির থাকা, ইন্টারনাল মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ-প্রসূতিবিদ্যা, শিশু, নিউরোসার্জারি, নেফ্রোলজি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধান, প্রতি দুই বা তিন শয্যার জন্য প্রতিটি পালায় কমপক্ষে একজন নার্স, একজন পুষ্টিবিদ, একজন ফিজিওথেরাপিস্ট নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে অধিদপ্তরের নির্দেশনায়। কিন্তু বেশির ভাগ ক্লিনিক ও হাসপাতাল এসব নিয়ম মানে না।