অনুমতি ছাড়াই ১৮টি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সীমানার চারদিকের ছোট-বড় মিলিয়ে ১৮টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো কেটে ফেলার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে কিছুই জানেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা।

এদিকে একাধিকবার আবেদন করেও বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ নির্মাণের জন্য গাছগুলো কাটা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সীমানার চারদিকে অন্তত ১০ বছর আগে এই গাছগুলো রোপণ করা হয়। এক সপ্তাহ ধরে স্থানীয় শ্রমিক দিয়ে বড় গাছগুলো কাটা শুরু হয়। ইতিমধ্যে ১৮টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে ১৬টি মেহগনি ও দুটি চাম্বুলগাছ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলে, শুধু স্কুলের সীমানায় নয়, এই গাছগুলো তাদের ছায়া দিত। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছিল এই গাছগুলো। কিন্তু গাছগুলো কেটে ফেলায় এখন স্কুলের সৌন্দর্যও অনেকটা নষ্ট হয়ে গেছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, কেটে ফেলা গাছগুলো এখন কাছিয়াবুনিয়া বাজারের একটি করাতকলে রাখা হয়েছে। ওই করাতকলের মালিক মজিবর জমাদার জানান, গাছগুলো চেরাই করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর কলে পাঠিয়েছেন।

রাঙ্গাবালীর কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজুরুল আলম বলেন, ‘আসলে আমার বিদ্যালয়ের মূল ভবন জরাজীর্ণ। বর্তমানে উন্নয়ন সংস্থা কারিতাসের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নিচে দুটি কক্ষ ও দোতলায় একটি কক্ষ নিয়ে স্কুলটি চলছে। এই স্কুলে প্রায় ৫০০ ছাত্রছাত্রী। শ্রেণিকক্ষের সংকটের কারণে আশ্রয়কেন্দ্রের ছাদে অস্থায়ী দুটি কক্ষ নির্মাণের জন্য গাছগুলো কাটা হয়েছে।’

তিনি বলেন, বারবার বিদ্যালয়ের ভবনের জন্য লিখিতভাবে শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হলেও এখনো বিদ্যালয়ের নতুন ভবন হয়নি। শিক্ষার্থীদের পাঠদানের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুমতি প্রসঙ্গে বলেন, আসলে স্কুল পরিচালনার জন্য কোনো কমিটি নেই। তবে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে একটি কমিটি আছে এবং এই কমিটির সঙ্গে আলোচনা করেই দুটি কক্ষ নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, ‘বিদ্যালয়ে গাছ কাটতে হলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দেখব।’