অনুমতি না নিয়েই স্কুলের গাছ কর্তন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়া বিদ্যালয়ের গাছ কেটে ফেলেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে স্থানীয়রা গতকাল মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপিও দিয়েছেন।
এলাকাবাসী ও পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের এই উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে বিদ্যালয়ের ২২টি পুরোনো গাছ কেটে ফেলেছেন। তাঁরা বিদ্যালয়ের মাঠ দখল করে সেখানে নতুন করে টিনের ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা জানান, প্রতিষ্ঠানের সৌন্দর্য ও পরিবেশবান্ধব গাছ কেটে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করছেন। এ কারণে স্থানীয়রা গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে গতকাল বিকেল পাঁচটার দিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এসব কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম এবং স্থানীয় মাতাব্বর হোসেন মিয়া, শাহ জাহান মিয়াসহ এলাকার বেশ কিছু লোক অংশ নেন। এ ছাড়া এ ঘটনায় স্থানীয়রা ইউএনও আবু নাছের ভূঁঞার কাছে স্মারকলিপি দিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান মাসুম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা গাছগুলো কেটেছিলাম। তবে প্রশাসনের অনুমতি না নিয়ে আমরা গাছ কেটে ভুল করেছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে জানান, ২০০৩ সালের ১৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে নিলামে গাছ কাটতে হয়। প্রশাসনের অনুমতি না নিয়ে এসব গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।