অনুমতি না নিয়ে ছাত্রলীগ যুবলীগের বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব মেলার আয়োজক বলে জানা যায়।
অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার ফতুল্লায় রাজউকের (সাবেক ডিআইটি) মাঠে গত পয়লা বৈশাখ থেকে মেলার আয়োজন করেছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মুহাম্মদ শরীফুল হক। এ বিষয়ে শরীফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ বাপ্পি সরিণতে সিটি করপোরেশনের রাস্তার দুই পাশে মানুষের চলার পথ বন্ধ করে বৈশাখী মেলার আয়োজন করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক লীগের মহানগর কমিটির সদস্যসচিব কামরুল হাসান ওরফে মুন্না। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, শহীদ বাপ্পি সরণিতে রাস্তার ওপর মেলা বসানো হয়েছে কোনো অনুমতি ছাড়াই।
এ বিষয়ে কামরুল হাসানের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম বলেন, যেকোনো স্থানে মেলার আয়োজন করতে হলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। ফতুল্লা রাজউক মাঠ ও নগরের ১৮ নম্বর ওয়ার্ডে শহীদ বাপ্পি সরিণতে অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে।
আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী ফেরিঘাটে বৈশাখী মেলার আয়োজন করেছেন সওজের ফেরিঘাটের টোল আদায়কারী ও যুবলীগের সমর্থক মাহবুবুর রহমান। তবে তিনি এটিকে মেলা বলে স্বীকার করেননি। তিনি বলেন, ফেরিঘাটে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ও পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হাজার হাজার মানুষ পয়লা বৈশাখ ও তার পরের দিনগুলোতে বিনোদনের জন্য ঘুরতে আসেন। তাঁদের চাহিদা মেটাতে খাবার ও গ্রামীণ লোকজ ঐতিহ্যের বিভিন্ন অস্থায়ী দোকান এখানে বসেছে। এটি আনুষ্ঠানিকভাবে কোনো মেলা নয়।
এদিকে আড়াইহাজার গোপালদী পৌর যুবলীগের সভাপতি আবদুল লতিফ মোল্লা গোপালদীর নজরুল ইসলাম বাবু কলেজের মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী মেলা বসিয়েছিলেন প্রশাসনের অনুমতি ছাড়াই। লতিফ মোল্লা বলেন, মানুষকে বিনোদন দেওয়ার জন্যই মেলা বসানো হয়েছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘সর্বজনীন উৎসবে ব্যাপক লোকসমাগম হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের মতো পরিস্থিতি থাকে না। তবে আমরা সচেষ্ট ছিলাম এসব মেলায় যাতে কোনো অবৈধ কর্মকাণ্ড না চলে’।
এ ছাড়া পয়লা বৈশাখ থেকে রূপগঞ্জ উপজেলার হাটাব আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে সাত দিনব্যাপী বৈশাখী মেলা বসিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগ নামধারী কয়েকজন সদস্য। তাঁদের মেলায় সন্ধ্যার পর জুয়া খেলা ও মাদক ব্যবসা চালানোর অভিযোগ পাওয়া গেছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এই মেলা সম্পর্কে পুলিশ নানা অভিযোগ পেয়েছে। দ্রুতই মেলাটি বন্ধ করে দেওয়া হবে।