অনুমতি না নিয়ে মেলার নামে রাতভর জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের অনুমোদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতির তোয়াক্কা না করেই রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গত রোববার রাতভর জুয়ার আসর বসায়। মেলার নামে জুয়ার আসর চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
আয়োজকেরা বলছেন, মোটরশ্রমিকদের কল্যাণে হাসপাতাল, মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্যই তাঁরা এই মেলার আয়োজন করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রোববার রাত সাড়ে নয়টা থেকেই রাজশাহীর মহানগরের নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রা, সার্কাস, হাউজি আর নানা রকম আয়োজনের চটকদার ঘোষণা দেওয়া হয়। ভেতরে লাকি কুপন বিক্রির স্টল বসানো হয়। সেখানে ঘোষণা হচ্ছিল, ‘আজকের বাম্পার পুরস্কার ফ্রিজ। টিকিট মাত্র ১০ টাকা।’ সার্কাসের প্যান্ডেল থেকে নানা রকম খেলার ঘোষণা আসছিল মাইকে। সার্কাস প্যান্ডেলের আরেকটু দক্ষিণে করা হয় হাউজি খেলার প্যান্ডেল। প্যান্ডেলের সামনে ছিল অংশগ্রহণকারীদের উপচে পড়া ভিড়। প্যান্ডেলের ভেতর ছয়টি জুয়ার বোর্ডের সামনে ছিল শত শত মানুষের ভিড়। এগুলোয় ঘূর্ণি, ডাব্বুসহ নানা রকমের জুয়ার বোর্ড চলছিল।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে রোববার দুপুরে এই মেলার উদ্বোধন করেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মঞ্জুর রহমান। মেলার আয়োজক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নগরের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী বলেন, ‘আমার স্বপ্ন শ্রমিকদের জন্য একটি হাসপাতাল, একটি মসজিদ ও একটি মহিলা মাদ্রাসা করা। এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য মেলার আয়োজন করেছি।’ তিনি আরও বলেন, ‘যদি আপনারা বলেন, জুয়া খেলা অসামাজিক কাজ, খারাপ হচ্ছে, তাহলে আমি জান দিয়ে হলেও বন্ধ করে দেব।’
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী মহানগরে এ ধরনের জুয়া খেলা হলে চুরি ও ছিনতাই বেড়ে যাবে। রাজশাহী একটি শিক্ষার নগর, সভ্য মানুষের নগর।
মহানগর পুলিশের ডেপুটি কমিশনার তানভির হায়দার চৌধুরী গতকাল সোমবার বিকেলে বলেন, রাতে তো পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
তাহলে সারা দিন আবার মাইকিং চলছে কীভাবে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু অনুমতি নেয়নি, তাই তারা মেলা চালাতে পারবে না।
নিয়ম অনুযায়ী ওই বাস টার্মিনালে মেলা চালাতে হলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, তাঁদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। বাস টার্মিনালের কারণে অনুমতি দেননি। শুধু তা-ই নয়, পুলিশকেও এ ব্যাপারে চিঠি দিয়েছেন এবং মৌখিকভাবে অনুমতি না দেওয়ার জন্য বলেছেন।