অনুমতিহীন দুই কারখানায় বিপর্যস্ত ১০ গ্রামের মানুষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাইস মিল দুটি বন্ধে এলাকাবাসী অনেক আগে থেকেই তৎপর। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত বড় দুর্ঘটনাই ঘটল। বয়লার বিস্ফোরণে প্রাণ গেল তিনজনের।
গত বুধবার সোহাগ অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। এটির পাশেই রয়েছে গাউছিয়া অটো রাইস মিল নামের আরেকটি কারখানা। দুটিরই মালিক শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়া।
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মিলগুলো চালাচ্ছেন মোস্তফা। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ব্রহ্মপুত্র নদের তীরে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় মিল দুটি স্থাপন করেন তিনি। কারখানার শব্দে গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা ও ঘুমে সমস্যা হচ্ছে। তা ছাড়া ফসলি জমিরও ক্ষতি হচ্ছে কারখানার ছাই ও ধুলায়। দুই কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ব্রহ্মপুত্র নদে গিয়ে পানি দূষিত করছে। প্রায়ই মাছ মরে ভেসে উঠছে নদে। দূষণের কারণে গ্রামবাসী নদে গোসল ও গৃহস্থালির কাজ পর্যন্ত করতে পারছেন না।
কারখানা দুটি বন্ধের দাবিতে আশপাশের ১০ গ্রামের মানুষ গত এপ্রিলে এলাকায় মানববন্ধন করেন। স্মারকলিপি দেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে। কিন্তু কারখানা বন্ধে প্রশাসন অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়নি বলে গ্রামবাসীর অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গেলে ফতেপুর গ্রামের বাসিন্দা নজির হোসেন ও গোবিন্দপুর গ্রামের আলী হোসেনসহ আরও অনেকে বলেন, রাজনৈতিক দাপটে কারখানা দুটি স্থাপন করে পরিবেশ দূষণ করে চলেছেন মোস্তফা। এতে ১০ গ্রামের মানুষ এখন বিপর্যস্ত।
জানতে চাইলে কারখানার মালিক মোস্তফা মিয়া বলেন, ‘এলাকায় কারখানা থাকলে মানুষের তো সামান্য সমস্যা হতেই পারে। আমি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার জন্য আবেদন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কীভাবে এ ধরনের কারখানা চালু হলো, পরিবেশ অধিদপ্তরের উচিত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া।