
ভোলার ৭টি উপজেলায় ৮৬টি ইটভাটার মধ্যে লাইসেন্স আছে মাত্র ২৩টির। বাকি ৬৩টি ইটভাটারই লাইসেন্স নেই। এরপরেও এ বছর উৎপাদনে গেছে এই ৬৩ ইটভাটা।
৮৬টি ইটভাটার মধ্যে ৪০টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও লাইসেন্স নবায়ন করা আছে মাত্র ১৬টির। শুধু এ বছরই না বছরের পর বছর এসব লাইসেন্সহীন ভাটা কৃষিজমির মাটি ও বনের কাঠ নষ্ট করে ইট উৎপাদন করছে।
গত এক মাসে কমপক্ষে ৫০টি ইটভাটা ঘুরে দেখা যায়, অধিকাংশ ভাটার পাশে বসতবাড়ি ও গাছপালা। কয়েকটির পাশে বিদ্যালয়। আশপাশেই বিস্তীর্ণ ধানখেত। ভাটায় ইট পোড়ানো শুরু হয়েছে। ধোঁয়ায় কালো হয়ে উঠছে চারদিক।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কৃষিজমি, আবাসিক এলাকা, সরকারি বা ব্যক্তিগত বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমিতে ইটভাটা করা যাবে না।
জেলা প্রশাসনের বিচার শাখার তথ্যমতে, ভোলা সদরে ২৩টি ইটভাটা রয়েছে, যার ১৫টির লাইসেন্স আছে। এর মধ্যে মিতালী ব্রিকস, আনাসসহ ৩টির লাইসেন্স নবায়ন করা হয়নি। বাকি পান্না ব্রিকস, মুকুল, প্রাইম, জনতা, বিসমিল্লাহ, একতা, সাইমুন এবং ফাইভ স্টার ব্রিকসের লাইসেন্স নেই।
বিচার শাখা আরও জানায়, দৌলতখান উপজেলায় ৬টি ইটভাটার মধ্যে ৪টির লাইসেন্স আছে। বাকি দৌলতখান ব্রিকস ও জাহের ব্রিকসের লাইসেন্স নেই। চরফ্যাশন উপজেলায় ২৬টি ইটভাটা। ৩টির লাইসেন্স থাকলেও ১টি নবায়ন হচ্ছে না দুই বছর ধরে। বাকিগুলোর মধ্যে জনতা ব্রিকস, উপকূল, এ আলী, রূপালী, ফ্যাশন, মাদ্রাজ, টাটা, রাত্রি, আকন, জাহান, দোয়েল, জিদান, গ্রামীণ, মেঘনা, পদ্মা, যমুনা, মা, আপন, নাভানা, শাপলা, মহাজন, শানিনা এবং ইউনাইটেড ব্রিকসের লাইসেন্স নেই।
মনপুরার একটি ইটভাটা মনপুরা ব্রিকস। এই ভাটারও লাইসেন্স নেই।
বোরহানউদ্দিন উপজেলায় ১৬টি ইটভাটা। ২০১৬ সাল পর্যন্ত ৩টি ভাটার লাইসেন্স নবায়ন করা আছে। বাকি ব্রাদার্স, সুরমা ও সিএইচপি ব্রিকস লাইসেন্স নবায়ন করেনি। এ ছাড়া সুরমা ব্রিকস, ও এম, মালা, সবুজ, মিমু, মিহান, এসএনএস, দালাল, স্বর্ণা এবং মিমু ব্রিকস-২ এর লাইসেন্স নেই।
লালমোহনে ৮টি ইটভাটা। এর মধ্যে ১টির লাইসেন্স আছে। বাকি নবনী ব্রিকস, ইউনিক, সোনালী, সূর্য, জুঁই, মা এবং তানিন ব্রিকসের লাইসেন্স নেই। তজুমদ্দিন উপজেলায় ৩টি ইটভাটা। কোনোটিরই লাইসেন্স নেই।
প্রিয় গ্রুপের চেয়ারম্যান মইনুল হাসান বলেন, যাঁরা ভোলায় বৈধভাবে সরকারের নীতিমালা মেনে ইটভাটার ব্যবসা করছেন, তাঁরা অবৈধ ইটভাটার জন্য ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধ ব্যবসায়ীরা যত্রতত্র ভাটা বসিয়ে, কাঠ পুড়িয়ে কম খরচে ইট উৎপাদন করছেন।
পশ্চিম ইলিশা, চরসামাইয়্যা ও উত্তর দিঘলদীর ১০ জন কৃষক, ৩ জন মাটি ব্যবসায়ী ও ২০ জন ইট শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দেখতে দেখতে চারপাশ ইটভাটায় ভরে গেছে। ভাটার চিমনির ধোঁয়া, বালু, কয়লার গুঁড়া ও ছাই উড়ে আশপাশের ফসল, বাগান ও গাছপালার ব্যাপক ক্ষতি হলেও কেউ এসব দেখছে না। অথচ এ বিষয়ে আইনও আছে। কিন্তু কোনো প্রয়োগ দেখছেন না তাঁরা।
ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, কৃষিজমিতে ইটভাটা হওয়ার ফলে ব্যাপক কৃষিজমির ও ফসলের ক্ষতি হচ্ছে। সরকারের দ্রুত ইটভাটার জমি নির্ধারণ করা জরুরি।
ভোলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারেফ হোসেন বলেন, অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আরও আন্তরিক হওয়া জরুরি। আইন প্রয়োগের ক্ষেত্রে আরও কঠোর হওয়া দরকার।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক নজরুল ইসলাম বলেন, আইনের বাইরে ইটভাটা করার কোনো ছাড়পত্র দেওয়া হয় না। আইনের আরও সংস্কার হয়েছে। ফলে ভোলা জেলায় ৪০টি ইটভাটার ছাড়পত্র থাকলেও ১৬টির নবায়ন করা আছে। আবেদন করা আছে আরও ১৫টির। তবে সব আবেদনকারীকে ছাড়পত্র দেওয়া হবে না। কারণ, অনেক ইটভাটা ঘনবসতিপূর্ণ এলাকায় ও বিদ্যালয়ের পাশে।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, গত সেপ্টেম্বরে ইটভাটাগুলোকে নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে। এক মাস ধরে ভ্রাম্যমাণ আদালত চলছে। এ সময়ে ১০টি অভিযানে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।