অনুমোদন নেই, তবু কলেজের কার্যক্রম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বিদ্যালয় অবৈধভাবে কলেজ শাখার কার্যক্রম চালাচ্ছে। অথচ ওই বিদ্যালয়ে শুধু বিদ্যালয় পর্যায়ে পাঠদানের অনুমতি রয়েছে। এ ছাড়া আরও নয়টি বিদ্যালয় তাদের সাইনবোর্ডে কলেজ শব্দটি ব্যবহার করেছে। এ কারণে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় বিদ্যালয়গুলোকে তাদের সাইনবোর্ড থেকে কলেজ শব্দটি মুছে ফেলার নির্দেশ দিয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, পিপলস স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ, নকশী বাংলা স্কুল অ্যান্ড কলেজ, স্কলারস স্কুল অ্যান্ড কলেজ, ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, মডার্ন স্কুল অ্যান্ড কলেজ, উইজডম স্কুল অ্যান্ড কলেজ, প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কবি আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ নামের প্রতিষ্ঠানগুলোর কলেজ শাখা চালু করার কোনো অনুমতি নেই।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সব প্রতিষ্ঠানের সামনেই কলেজ নামসর্বস্ব সাইনবোর্ড ঝুলছে। শহরের কাউতলী স্টেডিয়াম-সংলগ্ন উইজডম স্কুল অ্যান্ড কলেজে গিয়ে চলতি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে কলেজ শাখায় ভর্তি করা শিক্ষার্থীদের দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীদের কয়েকজন বলে, তারা কলেজ জেনেই ভর্তি হয়েছে। কিন্তু কলেজ শাখার কোনো অনুমোদন যে কাগজে-কলমে নেই, এটা তাদের জানা ছিল না।
উইজডম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল মোনায়েম দাবি করেন, ‘আমার কলেজে এবার উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া ২১ জন শিক্ষার্থীকে অন্য একটি কলেজের নামে ভর্তি করিয়েছি। অনুমোদন পাওয়ার জন্য ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি।’
জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ১০টি প্রতিষ্ঠানকে কলেজ শব্দ ব্যবহার না করার জন্য গত মাসে চিঠি দেওয়া হয়েছে। এভাবে কলেজের নাম ব্যবহার করে শিক্ষার্থী ভর্তি করা বেআইনি। এটা তারা করতে পারে না। যারা অবৈধভাবে কলেজ শাখার কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।