অনুমোদনহীন টিকা দেওয়ায় জরিমানা
চট্টগ্রাম নগরে হেপাটাইটিস বি রোগ প্রতিরোধক হিসেবে অনুমোদনহীন টিকা দেওয়ার সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার নগরের তিনপুলের মাথা এলাকার গোলাম রসুল মার্কেটের দোকানিদের এই টিকা দেওয়ার সময় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রুহুল আমীন ওই টিকার ২৪টি ভায়েল জব্দ করেন।
আর্ত-চেতনা মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যানারে এই টিকাদান কার্যক্রম চালানো হচ্ছিল। হেপাটাইটিস ‘বি’ টিকা দান কর্মসূচি চলাকালে ‘সানভেক্স ভি’ নামের একটি টিকা দেওয়া হচ্ছিল। আবদুল করিম নামের এক এনজিওকর্মী এই টিকা দিচ্ছিলেন। অনুমোদনহীন টিকা দেওয়ার অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম রুহুল আমীন জানান, ‘করিম এই টিকা কানাডা থেকে আমদানি করা বলে জানান। তবে এ–সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ওষুধ প্রশাসন থেকেও এই টিকার কোনো অনুমোদন নেওয়া হয়নি। প্রতিটি টিকার জন্য সাড়ে ৩০০ এবং রক্ত পরীক্ষার জন্য ৫০ টাকা করে নেওয়া হচ্ছিল। এটি ছিল প্রতারণা। তাই তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে চিকিৎসক ওয়াজেদ চৌধুরী ও নুরুল হায়দার এবং ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন।