অনুমোদনহীন লঞ্চ, ট্রলারের ঝুঁকিপূর্ণ চলাচল

বর্ষা মৌসুমে নদীপথে চলাচলের উপযোগী না হওয়ায় লঞ্চগুলোকে অনুমতি দেয়নি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবু অতিরিক্ত যাত্রী বোঝাই করে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে ভোলার নাজিরপুর, চিতলিয়া ও চর কুকরি-মুকরি পথে ফিটনেসবিহীন অন্তত ছয়টি লঞ্চ প্রতিদিন চলাচল করছে। একই পথে ছয়টি ইঞ্জিনচালিত ট্রলারও অবৈধভাবে চলাচল করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল অধ্যাদেশের ৫৪ ও ৮৩ ধারা মোতাবেক এসব লঞ্চ বর্ষা মৌসুমে নদীপথে চলাচলের উপযোগী নয়। তাই এগুলোর অনুমতি দেওয়া হয়নি। আর বর্ষা মৌসুমে ট্রলার চলাচলের তো অনুমতিই নেই। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মালিকেরা বাউফল থানার পুলিশকে ঘুষ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ লঞ্চ ও ট্রলার চালাচ্ছেন। সেই সঙ্গে নিয়মিত অতিরিক্ত যাত্রী বোঝাই করে কালাইয়া লঞ্চঘাট থেকে তেঁতুলিয়া নদীর বিপজ্জনক এলাকা রিজির মার ভারানী, বুড়াগৌরাঙ্গ নদের আগুনমুখা পার হয়ে ভোলার নাজিরপুর, চিতলিয়া ও চর কুকরি-মুকরি পৌঁছায়। আবার ওই সব এলাকা থেকে কালাইয়ায় ফিরে আসে।
১১ আগস্ট দুপুরে সরেজমিনে দেখা যায়, এমবি মফিজ খান চিতলিয়া থেকে শতাধিক যাত্রী নিয়ে কালাইয়া ঘাটে এসে পৌঁছায়। ওই লঞ্চের যাত্রী মজিবর, সাহিদা বেগমসহ আরও কয়েকজন বলেন, ভালো কোনো লঞ্চ না থাকায় প্রয়োজনের তাগিদে তাঁরা বাধ্য হয়ে এসব লঞ্চে চলাচল করছেন। তাঁরা এসব পথে চলাচলের উপযোগী লঞ্চ দেওয়ার দাবি জানান।
লঞ্চ চলাচলের ব্যাপারে কথা হয় এমবি মফিজ খানের ব্যবস্থাপক আবদুর রহমানের সঙ্গে। বিআইডব্লিউটিএর অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষের দেওয়া অনুমতির মেয়াদ এপ্রিল মাসে শেষ হয়ে গেছে। আবার অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
কতজন যাত্রী বহনের অনুমতি ছিল, জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘সম্ভবত ১৫ জন।’ অথচ লঞ্চটিতে শতাধিক যাত্রী বহন করা হয়েছে।
এমবি মফিজ খান ছাড়াও পদ্মার পাড়, মা-মণি, সুমন, চরমোনাই, কুকরি-মুকরি নামের আরও পাঁচটি অনুমোদনহীন লঞ্চ কালাইয়া লঞ্চঘাট ছেড়ে যায়। এ ছাড়া একই পথে অন্তত ছয়টি ইঞ্জিনচালিত ট্রলার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। অবৈধ লঞ্চ ও ট্রলারের মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার। পুলিশের সামনেই অবৈধ চলাচলের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, অবৈধ লঞ্চ-ট্রলার চলাচলের বিষয়টি তাঁর জানা নেই। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।