অনুমোদন ছাড়াই বহুতল ভবন

পৌরসভার অনুমোদন ছাড়াই বগুড়া শহরে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। বেশির ভাগ ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও বিদ্যুৎ বিভাগের ছাড়পত্রও নেওয়া হয়নি।
গত শনি ও রোববারের ভূমিকম্পে ইউনিক পাবলিক স্কুলসহ বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। শনিবার শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়সংলগ্ন এলাকায় হেলে পড়েছে পাঁচতলা ও চারতলার দুটি ভবন।
বগুড়া পৌরসভার তথ্য অনুযায়ী, শহরের জ্বলেশ্বরীতলা, সূত্রাপুর, ঠনঠনিয়া, মালতিনগর, রহমাননগর, জামিলনগর, চকসূত্রাপুর, খান্দার, সেউজগাড়ি, জহুরুলনগর, উপশহর, কালিতলা, শিববাটি, চেলোপাড়া, বউবাজার ও ফুলবাড়ী এলাকায় অনুমোদন ছাড়াই অনেক বহুতল ভবন গড়ে উঠেছে।
পৌরসভার প্রকৌশল বিভাগ ও আইন শাখা সূত্রে জানা গেছে, শহরজুড়ে তিনতলার অধিক কয়েক হাজার ভবন গড়ে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই পৌরসভা থেকে দুইতলা বা তিনতলা পর্যন্ত নকশার অনুমোদন নিয়ে দশতলা পর্যন্ত বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।
পৌরসভার শহর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসান বলেন, শহরে ঠিক কতটি অনুমোদনহীন ভবন রয়েছে, সেই পরিসংখ্যান পৌরসভার কাছে নেই। এমনকি শহরে অনুমোদিত ভবনের সংখ্যা কত বা কী পরিমাণ ভবন ঝুঁকিপূর্ণ, তারও তথ্য নেই। তবে গত ১০ মাসে পৌরসভা থেকে ৪২ জন ভবন মালিকের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ট্রাফিকব্যবস্থা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, এ জন্য ভূগর্ভস্থ পার্কিং সুবিধা রাখার শর্তে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত শহরে ভূগর্ভস্থ পার্কিং সুবিধা আছে—এমন ভবনের সংখ্যা হাতে গোনা কয়েকটি। এ ছাড়া দুর্যোগকালে উদ্ধার তৎপরতায় পুলিশ বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জন্য প্রতিটি বহুতল ভবনের সামনে ৩০ ফুট প্রশস্ত রাস্তা থাকার কথা থাকলেও বেশির ভাগেরই তা নেই। এতে দুর্যোগকালে ওই সব এলাকায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য গাড়ি পৌঁছাতে পারবে না।
জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়সংলগ্ন এলাকায় হেলে পড়া বহুতল ভবন লাকিস ড্রিমের মালিক ইব্রাহিম হোসেন দাবি করেন, তাঁর ভবন হেলে পড়েনি। আর তিনি পৌরসভার অনুমোদন নিয়েই ভবনটি নির্মাণ করেছেন।
পৌরসভার আইন শাখা সূত্রে জানা যায়, ২০১০ সালের মাঝামাঝি থেকে চলতি মাস পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ ভবন মালিকের বিরুদ্ধে পৌরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পেয়ে কেউ কেউ শর্ত সাপেক্ষে নকশা অনুমোদন নিলেও পরে আর সেই শর্ত রাখেননি।
এদিকে অনুমোদনহীন ভবন মালিকের বিরুদ্ধে নোটিশ পাঠানো হলেও পৌরসভা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ভবন মালিকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি—এমন প্রশ্নে পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতসহ যে ধরনের সহযোগিতা দরকার, তা আমরা পাই না। সে জন্য ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’
এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, ‘অধিকাংশ ভবনের মালিকেরাই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেন না। এখানে যোগদান করার পর গত দুই মাসে একজন ভবন মালিকও আমার কাছে ছাড়পত্র নিতে আসেননি।’