অনুমোদনহীন কয়েল ও তার, আড়াই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ও মে​য়াদোত্তীর্ণ মশার কয়েল এবং বৈদ্যুতিক তার বাজারজাত করার অপরাধে রাজধানীর চারটি কারাখানায় অভিযান চালিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানা থেকে বিপুল পরিমাণ কয়েল ও তার জব্দ এবং আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেওয়া হয় দুটি কারখানা।


আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মেসার্স রুমা কেমিক্যাল কোম্পানি, ডেমরার পাইটি এলাকায় লতা কেমিক্যাল কোম্পানি, কদমতলীর শাহানা অ্যান্ড রুমা কনজুমার প্রডাক্টস নামে তিনটি মশার কয়েল তৈরির কারখানায় প্রথমে অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। এ ছাড়া বিএসটিআইয়ের কর্মকর্তার উপস্থিতিতে এমবি ক্যাবলসে অভিযান চালানো হয়। পাঁচ ঘণ্টার এই অভিযানে ২৮ কার্টন মশার কয়েল ও ৩০ কয়েল নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিধান লঙ্ঘন করার অপরাধে রুমা কেমিক্যালের মালিক মো. নূরুল হক ও ম্যানেজার সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন ২০০৩) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিধান লঙ্ঘন করার অপরাধে লতা কেমিক্যাল কোম্পানির মালিক মোজাম্মেল হককে (৩০) দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জব্দ হওয়া মশার কয়েল ও বৈদ্যুতিক তার পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া দুই মালিক পালিয়ে যাওয়ায় শাহানা অ্যান্ড রুমা কনজুমার প্রডাক্টস ও এমবি ক্যাবলস সিলগালা করে দেওয়া হয়।