অনুমোদনহীন বেসরকারি সংস্থা বন্ধ, জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে ভ্রাম্যমাণ আদালত একটি অনুমোদনহীন বেসরকারি সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এ সময় অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে সংস্থাটির পাঁচ কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়।

 অনুমোদনহীন বেসরকারি সংস্থাটির নাম ‘সবুজ ছাতা’। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মোস্তাফিজুর রহমান গত রোববার বিকেলে এ আদালত পরিচালনা করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে হালিমা খাতুন মহাবিদ্যালয়সংলগ্ন এলাকায় সবুজ ছাতা লোকজনকে প্রশিক্ষণ দেওয়ার নাম করে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি শুরু করে। এভাবে সংস্থাটি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন এলাকাবাসী।

ভ্রাম্যমাণ আদালত গত রোববার সংস্থাটিকে জেরা করেন। এ সময় সংস্থার লোকজন কোনো সরকারি অনুমোদনপত্র দেখাতে পারেননি। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সংস্থার প্রধান শাহিন আলমকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া সংস্থার আরও চারজন কর্মকর্তা রজিবুল ইসলাম, আবদুল আজিজ, আহম্মদ উল্যাহ ও শিরিন আক্তারকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত।