অনুমোদনহীন হাসপাতালে তিন নবজাতকের মৃত্যু
ঢাকার লালমাটিয়ার বেসরকারি এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে গতকাল শুক্রবার রাতে এক ঘণ্টার ব্যবধানে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকদের মৃত্যুর পরই চিকিৎসক ও হাসপাতালের মালিকেরা গা ঢাকা দিয়েছেন। চিকিৎসকশূন্য হাসপাতাল থেকে আতঙ্কিত স্বজনেরা তাঁদের রোগীদের সরিয়ে নিয়েছেন অন্য হাসপাতালে।
আজ বিকেল চারটার দিকে অধিদপ্তরের একটি দল গিয়ে হাসপাতালটি বন্ধ করে দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক শামিউর ইসলাম বলেন, দুই বছর পর পর হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন করার নিয়ম থাকলেও এ হাসপাতালটি তা করেনি। হাসপাতালটির লাইসেন্স ২০১৩ সালের পর আর নবায়ন করা হয়নি। এ ছাড়াও হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিউ) চালানোরও কোনো অনুমোদন ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটি ৫০ শয্যার। হাসপাতালের দালালেরা নিয়মিত বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ওই হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকদের চিকিৎসার দায়িত্বে থাকা শিশির রঞ্জন দাসই হাসপাতালটি চালাচ্ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বছর তিনেক আগে শিশির রঞ্জন দাস ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
দিনভর চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুঠোফোনেও কাউকে পাওয়া যায়নি।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের কমিশনার বিপ্লব কুমার দাস বলেন, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে তিন শিশুর মারা গেছে বলে পুলিশ জানতে পারে। তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন। মৃত শিশুদের অভিভাবকেরা মামলা না করেই বাড়ি চলে যান। আজ রাত পর্যন্ত পুলিশ এ নিয়ে কোনো মামলা করেনি।
পুলিশ জানায় মৃত ওই তিন শিশুর বয়স দুই মাস দুই দিন, ১৯ দিন ও তিন দিন। শিশুরা নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন ছিল।
১৯ দিন বয়সী মৃত শিশুর মা শিল্পী বেগম প্রথম আলো কে বলেন, ‘বড় ডাক্তার আমাকে দুই দিন আগে বলেছিল, আমার বাবুর অবস্থা ভালো। শনিবার রিলিজ দিয়া দিব। হঠাৎ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের লোকজন আইসা আমারে বন্ড সই দিতে বলে। বলে যে, বাবুর খুব শ্বাসকষ্ট হইতেছে। যেকোনো সময় খারাপ কিছু হইতে পারে। রাত ১১টায় আমারে জানায় বাবু নাই।’
শিল্পী বেগম সন্তান নিয়ে হাসপাতালে ছিলেন ১৪ দিন। প্রতিদিন তাঁর খরচ হয়েছে ১০ হাজার টাকা। সন্তানের শারীরিক অবস্থার প্রকৃত খবর হাসপাতাল তাঁকে জানায়নি। মৃত অপর দুই শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আজ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হাসপাতালের এনআইসিইউতে জয়া নামের একজন নার্স ছাড়া আর কেউ ছিলেন না। সাংবাদিকদের তিনি বলেন, দুটি শিশুর শ্বাসকষ্ট হচ্ছিল, অন্য শিশুটি সময়ের আগে জন্মানোয় জটিলতায় ভুগছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশির রঞ্জন দাস এনআইসিইউ এর দায়িত্বে থাকলেও তিনি সব সময় থাকেন না। সকালে ও রাতে নিজের সুবিধা মতো সময়ে ঘুরে যান।
এক ঘণ্টার ব্যবধানে তিন শিশুর মৃত্যুর খবরে রোগীর স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। চিকিৎসক ও হাসপাতালের লোকজন পালিয়ে যাওয়ায় রোগীরা দুর্ভোগে পড়েন। তাঁরা অ্যাম্বুলেন্সে ও স্ট্রেচারে করে রোগীদের সরিয়ে নেন। কাউকে কাউকে পাঁজাকোলা করে সরাতেও দেখা যায়।
বেলা ১২টা নাগাদ পুরো হাসপাতাল খালি হয়ে গেলে এই প্রতিবেদক বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। বিভিন্ন কক্ষের বাইরে কোন সময়ে কোন চিকিৎসক দায়িত্বে থাকবেন তার তালিকা টাঙানো আছে। এনআইসিইউ এর বাইরে টাঙানো আছে ১৪ জন চিকিৎসকের তালিকা। একজন চিকিৎসক সকাল আটটা থেকে রাত আটটা এবং অপর একজন রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত দায়িত্বে থাকেন।
হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন রোগীর স্বজনেরা জানান, এই হাসপাতালে একবার ঢুকলে খুব সহজে ছাড়া পাওয়ার কোনো ব্যবস্থা নেই। নানা ছলছুতোয় রোগীদের ধরে রাখা হয়। রোগীর শারীরিক অবস্থা সম্পর্কেও জানানো হয় না। ঝর্ণা বেগম নামের এক নারীর নাতি আজ সকালে হাসপাতালটির এনআইসিইউতে ভর্তি ছিল। তিনি বলেন, ‘চাইর দিনে ছয়টা বাইচ্চা মারা গ্যাছে। স্বীকার করতেছে না। কাইলকা একটা বাচ্চা মইরা নীল হইয়া গ্যাছে। তারপর রোগীর লোকরে খবর দিছে।’