অনুমোদনহীন 'ডিজিটাল হাসপাতালে' অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদৃশ্য ফটক। বিশাল সাইনবোর্ড। তাতে লেখা, ‘মা ডিজিটাল হাসপাতাল’। আরও লেখা রয়েছে, ‘একটি অত্যাধুনিক কম্পিউটারাইজড পূর্ণাঙ্গ ডিজিটাল হাসপাতাল’। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ী এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে হাসপাতালটির অবস্থান। স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন ছাড়াই এক মাস ধরে এ হাসপাতালে চলছে অস্ত্রোপচারসহ নানা রোগের চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ হাসপাতালটিতে অস্ত্রোপচারসহ চিকিৎসা কার্যক্রম শুরু হয়। হাসপাতালটির মালিক হিসেবে রয়েছেন শাহার আলী, মো. মনিরুজ্জামান, এনামুল হক, মাসুদুর রহমান ও কামরুজ্জামান।
২৫ মার্চ সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, ছোট একটি তিনতলা ভবন। হাসপাতালের জন্য ভবনের প্রথম ও দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয়েছে। দ্বিতীয় তলার ছোট দুটি কক্ষে রোগীদের ওয়ার্ড। আরেকটি অস্ত্রোপচারকক্ষ। ভবনের প্রথম তলার একটি কক্ষে প্যাথলজি পরীক্ষা ও এক্স-রে করা হয়। সেখানে ২০ থেকে ২৫ জন রোগী অপেক্ষা করছে। তবে কোনো চিকিৎসক ও নার্সের দেখা মিলল না।
চিকাজানী গ্রামের আকবর আলী বলেন, ‘আমার মেয়ের স্বামী আনোয়ার হোসেনের পায়ের ব্যথার চিকিৎসার জন্য এসেছি। আমাদের গ্রামের এক লোক এই হাসপাতালে নিয়ে এসেছে। সকাল থেকে বসে রয়েছি। কোনো চিকিৎসক নেই। এখন জানতে পেরেছি হাসপাতালটির অনুমোদনই নাই।’
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের সামনে এক দোকানি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক হাসপাতালে রয়েছেন, এমন তথ্য দিয়ে গ্রামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েক দিনে প্রসূতি ও অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালে কথিত কিছু চিকিৎসক দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন হাসপাতালটির বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না।
হাসপাতালে প্যাথলজি পরীক্ষায় ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বাহাদুরাবাদ এলাকার জনি মিয়া ১১ মার্চ ‘মা ডিজিটাল হাসপাতালে’ হেপাটাইটিস-বি (এইচবিএসএজি) পরীক্ষা করান। জনি মিয়া মুঠোফোনে বলেন, ‘মা ডিজিটাল হাসপাতালে হেপাটাইটিস-বি পরীক্ষায় পজিটিভ আসে। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বাড়িতে পরিবারের সদস্যরাও কান্নাকাটি শুরু করে দেন। পরে জামালপুর জেনারেল হাসপাতালের পরীক্ষায় নেগেটিভ আসে। এরপর ওই হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে অনেক ঝগড়াও হয়েছে। পরে জানতে পেরেছি, এ হাসপাতালের অনুমোদন নেই।’
হাসপাতালটির মালিক শাহার আলী স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিধিদল হাসপাতালটি পরিদর্শন করবে। এ জন্য হাসপাতালটি চালু করা হয়েছে। অস্ত্রোপচারের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকসহ বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম চলছে।
জামালপুরের সিভিল সার্জন মো. মোশায়ের উল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন ছাড়া হাসপাতালের কার্যক্রম চালানো যাবে না। ওই হাসপাতালটি নিবন্ধনের জন্য আবেদন করেছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে পারবে না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রচলিত আইনে জেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও শাস্তি ব্যবস্থা করা যায়।