খাসজমিতে দোকান নির্মাণ না করতে তাঁকে মৌখিকভাবে অনুরোধ করা হয়। এতে কাজ না হওয়ায় আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনোটাই আমলে নেননি নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা। তাঁর আরও পরিচয় রয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পৌরসভার তোহাবাজারে খাসজমি দখল করে নয়টি দোকান নির্মাণ করেছেন মেয়র। এখন তা বরাদ্দ দেওয়ার চেষ্টা করছেন। কিছুতেই তাঁকে থামাতে না পেরে গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে গুরুদাসপুর পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অনিল কুমার সরকার বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, তোহাবাজারে নয়টি দোকানঘর নির্মাণ করে মেয়র সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করেছেন।
এর আগে মেয়রের বিরুদ্ধে নন্দকুঁজা নদীর পাড় দখলের অভিযোগ উঠেছিল। এ নিয়ে গত মে মাসে প্রথম আলোতে ‘নদী দখল করে শহর সম্প্রসারণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনিল কুমার সরকার বলেন, মেয়রকে মৌখিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। সরকারি সম্পদ রক্ষা করতে ২৯ অক্টোবর নির্মাণকাজ বন্ধ রাখতে তাঁকে নোটিশ দেওয়া হয়। তার পরও মেয়র নির্মাণকাজ বন্ধ করেননি। এরপর গত ৫ নভেম্বর সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পর মামলা করা হয়েছে।
তবে মেয়র বলেন, পৌরসভার উন্নয়ন ঘটাতেই তিনি দোকান নির্মাণ করছেন। তাঁর দাবি, উপজেলা সমন্বয় কমিটিতে তিনি প্রকল্পটি উপস্থাপন করেছেন। সময়স্বল্পতার কারণে জেলা প্রশাসকের অনুমোদন নিতে পারেননি। তিনি বলেন, উপজেলা ভূমি অফিসের অনুমোদন নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
সরেজমিনে সোমবার বিকেলে গিয়ে দেখা গেছে, তোহাবাজারের শেডঘরের পাশে ইটের দেয়াল তুলে নয়টি দোকান নির্মাণ করা হচ্ছে। এক পাশে ছয়টি, অন্য পাশে তিনটি ঘর। দোকানের দরজা লাগানোর কাজ ছাড়া অন্য সব কাজ শেষ হয়েছে।
তোহাবাজারের ব্যবসায়ীরা বলছেন, যেখানে দোকান নির্মাণ করা হয়েছে, সেখানে হাটের দিন (মঙ্গল-শনিবার) চাল, কলা ও জিলাপির দোকান বসত।
নাম না প্রকাশের শর্তে একজন ব্যবসায়ী জানান, একটি কক্ষ (পজেশন) বরাদ্দ পেতে মেয়র তাঁর কাছে তিন লাখ টাকা চেয়েছিলেন। কথা পাকাও হয়েছিল। কিন্তু ভূমি অফিসে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, জায়গাটি সরকারি। যখন-তখন ভেঙে ফেলা হতে পারে—এই চিন্তা করে পরে আর পজেশনের টাকা দেওয়া হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘সম্মানের কথা বিবেচনা করে মেয়রকে কাজ বন্ধ করার জন্য কয়েকবার মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। দলীয় দাপটে কাজ বন্ধ করেননি তিনি। সর্বশেষ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাধ্য হয়ে মঙ্গলবার তাঁর (মেয়র) বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
সহকারী কমিশনার বলেন, এখন উচ্ছেদ অভিযানের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পজেশন বরাদ্দ না নেওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ীদের মৌখিকভাবে জানানো হয়েছে।