অনুষ্ঠান স্থগিতের পরও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন স্থগিত করা হলেও গতকাল শনিবার সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
অবশ্য এর আগেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান স্থগিত করে একটি চিঠি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও সাংসদ শহীদের কাছে পাঠায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও সাংসদ শহীদের মধ্যে বিরোধের জের ধরে কর্তৃপক্ষ ওই অনুষ্ঠান স্থগিত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে আকস্মিকভাবে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ। কিন্তু ওই দিন বিকেলেই সমাজকল্যাণমন্ত্রী সিভিল সার্জনকে জানান তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সমস্যা সমাধানে সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সহায়তা চান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া। পরে তাঁকে মহাপরিচালক ও সিভিল সার্জন অনুষ্ঠান আপাতত স্থগিত করার মৌখিক নির্দেশনা দেন। শুক্রবার রাতে সমাজকল্যাণমন্ত্রী এবং সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদকে মৌখিকভাবে এ নির্দেশনার কথা জানান মোহাম্মদ ইয়াহিয়া। এ ছাড়া গতকাল সকালে আবার বিষয়টি লিখিতভাবে সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদকে জানানো হয়। লিখিত এই চিঠির অনুলিপি সমাজকল্যাণমন্ত্রীর কাছেও পাঠানো হয়।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজকল্যাণমন্ত্রী এবং সাংসদের পক্ষ পাল্টাপাল্টি মাইকিং করে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তবে দুপুর ১২টায় পর সাংসদ উপাধ্যক্ষ শহীদ এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্বাস্থ্য কমিটির সভা ও সুধী সমাবেশ করেন। এ সময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত ছিলেন না। মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এ কারণে আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না।’ এ বিষয়ে সাংসদ উপাধ্যক্ষ শহীদের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে সমাজকল্যাণমন্ত্রী প্রথম আলোকেবলেন, অনুষ্ঠান স্থগিতকরণের চিঠির প্রতি সম্মান জানিয়ে তিনি আর এ নিয়ে কিছু ভাবেননি।