অনৈতিক কাজে জড়িত থাকায় আটক এবং বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকতে বেড়াতে এসে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী বিয়ে করার ইচ্ছা জানান। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিয়ের ব্যবস্থা করেন। অন্য তিনজনকে জরিমানা করেছেন আদালত। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানা সূত্র জানায়, শনিবার দুপুরে সৈকতের কয়েকটি ঝুপড়ি দোকানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলমের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আদালতের কাছে স্বেচ্ছায় বিয়ের আগ্রহ প্রকাশ করেন আটক চার তরুণ-তরুণী। আদালত তাঁদের বিয়ের ব্যবস্থা করেন। অন্য তিন তরুণীকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনৈতিক কাজে জড়িত থাকার সময় সাতজনকে ধরে ইউএনও স্যারের কাছে নিয়ে গেলে তিনি চারজনের মধ্যে বিয়ে পড়িয়ে দেন।’
আনোয়ারার ইউএনও মুফিদুল আলম বলেন, ‘পারকীকে অপরাধমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে উদ্যোগ নেওয়া হবে।’