অনৈতিক সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে হত্যা!
স্ত্রীর অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জালিয়া বস্তি এলাকায় রুমেন মিয়াকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্বীকার করে স্ত্রী কুলসুম আক্তার ও খালাতো ভাই আবদুল আলী আজ রোববার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শনিবার সকালে বস্তির ঘর থেকে রুমেনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় স্ত্রী কুলসুম আক্তারকেও একই ঘর থেকে হাত–পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। কুলসুম ওই সময় পুলিশের কাছে দাবি করেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে বেঁধে তাঁর স্বামীকে হত্যা করেছে। তবে রুমেনের পরিবারের অভিযোগ ছিল, কুলসুমই রুমেনকে হত্যা করেছেন।
এ ঘটনায় হত্যা মামলা হওয়ার পর গতকাল রাতে কুলসুম ও আবদুল আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁদের হবিগঞ্জ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। সেখানে কুলসুম ও আবদুল আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আসামি দুজন জবানবন্দিতে বলেছেন, তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু রুমেন তা জানতে পারায় তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে দুজন ছাড়াও আরও তিনজন জড়িত।
পরিদর্শক ইকবাল বলেন, জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সুরত আলী ও আমির হোসেন নামের দুজনের কথা বলা হয়েছে। আজ দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে হাজির করা হবে।