অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় গত সোমবার রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জঙ্গল থেকে গতকাল মঙ্গলবার এক ইজিবাইকের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরে নিহত গৃহবধূর নাম লিজা বেগম (২০)। তিনি চাঁদপুর সদর উপজেলার পূর্ব রামদাসদী গ্রামের শরীফ ঢালীর স্ত্রী এবং একই উপজেলার মধ্যইচলী এলাকার জলিল গাজীর মেয়ে।
লিজার ভাই রাব্বি গাজী অভিযোগ করেন, দুই বছর আগে পারিবারিকভাবে পূর্ব রামদাসদী গ্রামের মনু ঢালীর ছেলে প্রবাসী শরীফ ঢালীর (৩০) সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য লিজাকে শারীরিকভাবে নির্যাতন করতেন শরীফ। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে আসেন। পরে শরীফের ভাবির সঙ্গে শরীফের পরকীয়া সম্পর্ক তৈরি হয়। এটা দেখে ফেলায় লিজার দেবর রহমান ঢালী, শ্বশুর, শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।
লিজার বাবার বাড়ির লোকজন জানান, গত সোমবার রাত পৌনে আটটার দিকে ওই এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে লিজার বাবার বাড়ির লোকজন তাঁর শ্বশুরবাড়িতে ছুটে আসে। তাঁরা সেখানে এসে একটি কক্ষের বিছানায় লিজার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠান। রাত নয়টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় লিজার বাবা জলিল গাজী গতকাল মঙ্গলবার জামাতা শরীফসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, নিহতের গলায় দাগ পাওয়ায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে করা হচ্ছে। এ ঘটনার পর থেকে লিজার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মালিরচর মণ্ডলপাড়া গ্রাম থেকে গতকাল সকালে ইজিবাইকের চালক নুর আলীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি বকশীগঞ্জ পৌর শহরের গোয়ালগাঁও এলাকায়।