মা-বাবার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
রাজধানীর শাহবাগ থানা এলাকায় ফাতেমা আক্তার (২১) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর তাঁর শ্বশুর-শাশুড়ি শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফাতেমার স্বামী গুলজার আলম আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
গুলজারের অভিযোগ, তাঁর বাবা-মা ও বোনেরা যৌতুকের জন্য তাঁর স্ত্রীর ওপর বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন চালিয়েছেন। যৌতুক না নেওয়ায় তাঁকে (গুলজার) বাসা থেকে বের করে দিতে চেয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে তাঁর স্ত্রীর পেটে গরম পাতিলের সেঁক ও পায়ে গরম ভাতের মাড় ঢেলে দেওয়া হয়।
গুলজার সাংবাদিকদের জানান, গত ২৮ মার্চ পারিবারিকভাবে ফাতেমাকে বিয়ে করেন তিনি। ফাতেমা উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে পড়ছেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শাহবাগ এলাকার সাকুরার গলির এক বাসায় থাকা শুরু করেন। কিন্তু বিয়ের পর থেকে তাঁর মা-বাবা ফাতেমার ওপর চাপ দেন যেন ফাতেমা বাবার বাড়ি থেকে টাকা-পয়সা ও ফার্নিচার নিয়ে আসেন। এ নিয়ে ফাতেমার ওপর শুরু হয় মানসিক অত্যাচার। একপর্যায়ে অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় সাত মাস আগে তিনি (গুলজার) মা-বাবার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গুলজার বলেন, জিডির কথা জানতে পেরে তাঁর মা-বাবা ও বোনেরা ক্ষিপ্ত হন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নির্যাতন চালানো হয়। আহত অবস্থায় স্ত্রীকে প্রথমে শাহবাগ থানায় নিয়ে যান গুলজার। পরে পুলিশের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সন্ধ্যা ছয়টার দিকে ফাতেমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী যৌতুক নেয়নি বলে তার বাবা-মা-বোনেরা আমাদের বাসায় রাখতে নারাজ। এ কারণে দীর্ঘদিন ধরে তাঁরা আমার ওপর ও আমার স্বামীর ওপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন।’ ফাতেমা বলেন, ‘আমি এখন শাহবাগ থানায় আছি। মামলা করব।’
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মা-বাবার বিরুদ্ধে ছেলে আগেও একটা জিডি করেছিল। অভিযোগ খতিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’