অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা!
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষিড়ি গ্রামে গত বৃহস্পতিবার মাহমুদা আক্তার নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী আবু সাঈদকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মাহমুদার বাবার বাড়ির সদস্যদের সূত্রে জানা গেছে, চাষিড়ি গ্রামের আবু সাঈদের (৩৯) সঙ্গে উপজেলার পূরাপাড়া গ্রামের মাহমুদার (২৪) বিয়ে হয় ২০১১ সালে। আবু সাঈদ চাষিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই দম্পতির সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে। মাহমুদা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর আবারও মেয়েশিশু হবে জানতে পেরে স্বামী ক্ষুব্ধ হন। এর জেরে গত বৃহস্পতিবার তাঁকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করেন। বেলা সাড়ে তিনটার দিকে আবু সাঈদ তাঁর শাশুড়িকে মুঠোফোনে ফোন করে বলেন, ‘আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, তাঁকে টঙ্গিবাড়ীতে একটি ক্লিনিকে আনা হয়েছে।’ পরে শাশুড়ি জোসনা বেগম ক্লিনিকে গিয়ে মাহমুদার লাশ দেখতে পান। বিকেলেই লাশ ক্লিনিক থেকে স্বামীর বাড়িতে নেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আবু সাঈদ প্রথম আলোকে বলেন, দ্বিতীয়বার কন্যাসন্তান হওয়ার আশঙ্কায় তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।