অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম খালেদা আক্তার (২৮)। আজ সোমবার সকালে তাঁর শোবার ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল রোববার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত গৃহবধূ ওই উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মাওলানা আজাহারুল ইসলামের স্ত্রী।

কিশোরগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, খালেদা আক্তারের স্বামী আজাহারুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নোহালী পশ্চিমপাড়া কচুয়া জামে মসজিদের ইমাম। ঘটনার রাতে তিনি তাঁর কর্মস্থলে ছিলেন। এই দম্পতির দুই মেয়ে এক ছেলে রয়েছে। বড় মেয়ে রুবাইয়া আক্তার (১২) নীলফামারী শহরের ঢাকাইয়া পাড়ায় খালার বাড়িতে এবং দ্বিতীয় মেয়ে মাহফুজা আক্তার (১০) কিশোরগঞ্জ উপজেলা সদরের ছিটরাজিব গ্রামে নানা জাহিদুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করছে। সাড়ে পাঁচ বছরের ছেলে খালেদ সাইফুল্লাহ তার মায়ের সঙ্গে থাকত।
এলাকাবাসী জানান, সোমবার ভোররাতে নিহত গৃহবধূর ছেলে খালেদ সাইফুল্লাহ চিৎকার করে কান্নাকাটি করছিল। তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। তারা দেখেন, ঘরের ভেতর ওই গৃহবধূ খালেদা আক্তারের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জবাই করা লাশ বিছানার ওপর পড়ে আছে। এলাকাবাসীর ধারণা, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। এলাকাবাসী খালেদার স্বামী ও কিশোরগঞ্জ থানা-পুলিশকে খবর দেয়।
শিশু খালেদ সাইফুল্লাহ এ ঘটনার বিষয়ে কিছুই বলতে পারেনি। সে শুধু জানিয়েছে, রাতে ভাত খাওয়ার পর সে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় রক্ত দেখতে পেয়ে মাকে ডাকাডাকি করে। মা সাড়া না দেওয়ায় ভয়ে সে চিৎকার করে কাঁদতে থাকে।
স্ত্রী হত্যার খবর পেরে কর্মস্থল থেকে আসেন স্বামী মাওলানা আজাহারুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত শুক্রবার বিকেলে তিনি বাড়ি আসেন। পরদিন শনিবার সকালে নিজ বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যান। তবে স্ত্রীর সঙ্গে তাঁর মুঠোফোনে প্রতিদিন কথা হতো বলে জানান। ঘটনার দিন রাতেও কথা হয়েছে। তিনি জানান, তাঁদের দুই মেয়ে এক ছেলে রয়েছে। তাঁর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গৃহবধূকে পেটে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।