অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াটোলায় গত বুধবার গভীর রাতে নাসরিন আক্তার (২০) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, নাসরিনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী শাহ আলমকে গ্রেপ্তার করার পর গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিকশাচালক স্বামীর সঙ্গে তিনি মগবাজারের নয়াটোলায় থাকতেন।
বুধবার রাতে গৃহবধূর মৃত্যুর খবরে পুলিশ নয়াটোলার ওই বাসায় যায়। পুলিশ বাসার খাটের ওপর থেকে নাসরিনের লাশ উদ্ধার করে। এ সময় তাঁর স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়। পরে নাসরিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নাসরিনের বড় ভাই মো. সাদেকুল অভিযোগ করেন, নাসরিনকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন শাহ আলম। বুধবার রাতে মারধরের পর নাসরিনকে শ্বাসরোধে হত্যা করা হয়। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের রসুলপুরে।
ঘটনা তদন্তকারী রমনা থানার এসআই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বজনদের সন্দেহ নাসরিনকে হত্যা করা হয়েছে। রিমান্ডে শাহ আলমকে জিজ্ঞাসাবাদের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু: গতকাল দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওয়াহেদ মোল্লা (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ঢাকা রেলওয়ে থানার পুলিশ জানায়, ওয়াহেদ গাজীপুর থেকে ঢাকার কমলাপুরগামী একটি ট্রেনের ছাদে ওঠেন। বেলা পৌনে একটার দিকে কুড়িল বিশ্বরোডে তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জিআরপি থানার অপারেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওয়াহেদ খিলক্ষেতে একটি পোশাক কারখানায় কর্মরত দুই মেয়ের সঙ্গে দেখা করতে ট্রেনের ছাদে উঠে যাচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার নিফা এনায়েতপুরে।