অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে যৌতুকের জন্য পারুল আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার চরভেলামারী গ্রামে গৃহবধূর স্বামী মাসুদ মিয়ার (২৩) বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মাসুদ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।
নিহত পারুল ত্রিশাল উপজেলার কানাহারি ইউনিয়নের কুষ্টিয়া ২য় খণ্ড গ্রামের সবজালী শেখের মেয়ে।
গৃহবধূর বড় ভাই ফারুক মিয়া বলেন, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর চরভেলামারী গ্রামের ইউছুব আলীর ছেলে মাসুদের সঙ্গে পারুলের বিয়ে হয়। তখন যৌতুক হিসেবে মাসুদকে মোটরসাইকেল কিনতে ৭০ হাজার টাকা দেওয়া হয়।
ফারুক আরও বলেন, কিন্তু বিয়ের পর মাসুদ আরও টাকা দাবি করেন। গত ২ জানুয়ারি মাসুদকে আরও ৩০ হাজার টাকা দিয়ে যান তিনি। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে চরভেলামারী গ্রামের পল্লি চিকিৎসক রমজান আলী তাঁর মুঠোফোনে ফোন করে পারুলের মৃত্যুর খবর দেন। পরে তাঁরা পারুলের শ্বশুরবাড়ি গিয়ে বিছানায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। উঠানে অসংখ্য মানুষের ভিড় থাকলেও পারুলের স্বামী, শ্বশুর-শাশুড়ি কাউকে পাননি তাঁরা। পরে তিনি পুলিশে খবর দেন। পারুল ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে ফারুক জানান।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পারুলের গলায় কালশিটে দাগ রয়েছে। তিনি অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গৃহবধূর ভাই মাসুদসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে পল্লি চিকিৎসক রমজানকে ছেড়ে দেওয়া হয়েছে।
পল্লি চিকিৎসক রমজান গতকাল বলেন, মাসুদ তাঁকে ডেকে এনেছিলেন। কিন্তু পারুল আগেই মারা যাওয়ায় তিনি হাসপাতালের চিকিৎসক ডাকতে বলেন। কিন্তু মাসুদ তাঁর স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পারুলের পরিবারকে জানাতে পল্লি চিকিৎসককে অনুরোধ করেন। তিনি পারুলের পরিবারকে মৃত্যুর খবর দিলেও কীভাবে ওই নারী মারা গেছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।