অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
যৌতুকের টাকা না পেয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের উত্তর মাঝিগাছা গ্রামে খাদিজা বেগম (২৫) নামের নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদিজার স্বামী বাবুল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সামবকসী গ্রামের খাদিজা বেগমের সঙ্গে জেলার আদর্শ সদর উপজেলার উত্তর মাঝিগাছা গ্রামের বাবুল মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় খাদিজার পরিবার সাধ্যমতো মেয়েকে টাকা ও স্বর্ণ দেয়। কয়েক মাস ধরে বাবুল মিয়া আরও টাকা দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। ওই টাকা দিতে না পারায় প্রায়ই তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে টাকা আনার জন্য আবার চাপ দেওয়া হয়। এতে অপারগতা প্রকাশ করলে বাবুল মিয়া প্রথমে পিটিয়ে স্ত্রীকে আহত করেন। পরদিন ভোরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে ঘরের ভেতর লাশ ফেলে রাখেন। খবর পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টায় লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় পুলিশ ওই গ্রাম থেকে স্বামী বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। নিহত গৃহবধূর দুই সন্তান রয়েছে। হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল পুলিশের কাছে স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খাদিজার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন।