অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় গত সোমবার ব্যাংক মাঠ বস্তির অন্তঃসত্ত্বা এক গৃহবধূর পেটে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
আহত নারী হলেন ব্যাংক মাঠ বস্তি এলাকার রানা মিয়ার স্ত্রী জহুরা বেগম (৩০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এএসআইয়ের নাম বিপ্লব হোসেন।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ওই এএসআইকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এএসআই বিপ্লব হোসেন ব্যাংক মাঠ বস্তি এলাকার জহুরা বেগমের বাসায় অভিযান চালান। তিনি জহুরাকে মাদক ও দেহ ব্যবসায়ী উল্লেখ করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। জহুরা ভয়ে পাঁচ হাজার টাকা দেন। এতে সন্তুষ্ট না হয়ে জহুরাকে লাথি মেরে এবং মারধর করে আহত করেন বিপ্লব।