অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে শিল্পী আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।
উপজেলার সয়ার ইউনিয়নের চিলাপাক গ্রামের কাইয়ুম মণ্ডলের (২৩) সঙ্গে এক বছর আগে কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের শিল্পীর বিয়ে হয়। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
শিল্পীর বাবা সোলায়মান হোসেনের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতে তাঁর মেয়েকে দুই হাজার টাকা বাড়ি থেকে ব্যবস্থা করে দেওয়ার জন্য কাইয়ুম চাপ দেন। ওই টাকা আনতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করেন কাইয়ুম। পরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে কাইয়ুম ও তাঁর বাড়ির সবাই পালিয়ে যান।
লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।