অন্তঃসত্ত্বা নারীকে নিপীড়ন, মীমাংসার উদ্যোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তবু স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাটি মীমাংসা করার জন্য আজ শুক্রবার বৈঠক ডেকেছেন।
পুলিশ, গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভেদরগঞ্জের একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৫৪টি পরিবার বসবাস করে। ২২ অক্টোবর বিকেলে ওই গ্রামের হাবিব উল্লাহ সরদার গাছ কাটার করাত চাইতে ওই গৃহবধূর কাছে যান। করাত না দেওয়ায় গৃহবধূকে মারধর করেন হাবিব। একপর্যায়ে তিনি গৃহবধূর মুখে কাপড় বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর ছেলে বিদ্যালয় থেকে ফিরে ঘরে ঢুকে এমন পরিস্থিতি দেখে চিৎকার করে। তখন হাবিব পালিয়ে যান। ওই গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গ্রামবাসী স্থানীয় একটি মন্দিরে ওই দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে সভা করে। সভা থেকে বিষয়টি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর সরকারকে জানানো হয়। সমীর সরকার ঘটনাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝিকে জানানোর পরামর্শ দেন। চেয়ারম্যান জানার পর ওই রাতেই হাবিবের স্ত্রীকে দিয়ে ওই গৃহবধূকে চিকিৎসার জন্য চাঁদপুরের একটি ক্লিনিকে পাঠানো হয়। তিন দিন চিকিৎসা দেওয়ার পর ওই গৃহবধূকে গ্রামে ফিরিয়ে আনা হয়। ২৩ অক্টোবর গৃহবধূর শ্বশুর হাবিব উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ এখনো হাবিবকে গ্রেপ্তার করতে পারেনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখতে শুক্রবার বিকেলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্তকে আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনো নারীর সঙ্গে এমন আচরণ করতে না পারে।
তবে শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী ও জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারপারসন রওশন আরা বেগম বেলন, ফৌজদারি মামলা চলা অবস্থায় মীমাংসা করা যায় না।
ওই গৃহবধূ বলেন, ‘আমি কীভাবে সমাজে বাস করব? এ ঘটনায় আমার শিশুসন্তান দুটি বাক্রুদ্ধ হয়ে পড়েছে। অথচ নরপশুটাকে পুলিশ ধরছে না।’
গৃহবধূর এক আত্মীয় বলেন, ‘শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল চেষ্টা করে যাচ্ছে। বিষয়টি মীমাংসা না করলে এমন ঘটনা আবার ঘটতে পারে—এমন ভয়ও দেখানো হচ্ছে। তাই বাধ্য হয়ে মীমাংসার প্রস্তাবে রাজি হয়েছি।’ গৃহবধূর স্বামী বলেন, ‘আমি গরিব কাঠমিস্ত্রি। জীবনে কারও ক্ষতি করিনি। স্থানীয় চাপে মীমাংসার প্রস্তাব মেনে নিয়েছি।’
হাবিব উল্লাহর স্ত্রী জোহরা বেগম বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে এটা ষড়যন্ত্র।’
ওসি সমীর সরকার বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মীমাংসার বিষয়টি আমার জানা নেই। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’