অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন করে সন্তান হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাবিনা বেগম (৩০) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে নির্যাতন করে গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ উঠেছে। সাবিনা গতকাল সোমবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাস বয়সী মৃত সন্তান প্রসব করেন।
সাবিনার পরিবারের একাধিক সদস্য জানান, পৌর শহরের কালীপুর মহল্লার কালা মিয়া ও তাঁর ছোট ভাই লাল মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত রোববার দুপুরে প্রতিপক্ষের লোকজন কালা মিয়ার বাড়িতে হামলা চালায়। তখন কালা মিয়ার স্ত্রী সাবিনা বাড়িতে একা ছিলেন। একা পেয়ে প্রতিপক্ষের লোকজন সাবিনাকে মারধর ও তাঁর পেটে কয়েকটি লাথি মারে। এতে সাবিনা গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সাবিনা গতকাল মৃত সন্তান প্রসব করেন। তিনি বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কালা মিয়া জানান, লাল মিয়ার লোকজন তাঁর স্ত্রীকে নির্যাতন করে। এ কারণে তাঁদের সন্তান মারা গেছে। এটি হত্যার শামিল।
অভিযোগ অস্বীকার করে লাল মিয়ার পক্ষের সেলিম মিয়া জানান, সীমানা নিয়ে কালা মিয়ার সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ছিল ঠিক। কিন্তু এ কারণে তাঁদের কেউ কালা মিয়ার বাড়িতে হামলা চালায়নি। এ ছাড়া সাবিনাকে মারধর করার প্রশ্নই ওঠে না।
এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার গতকাল সোমবার বিকেলে জানান, এ ঘটনায় সাবিনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।