অন্তঃসত্ত্বা নারীসহ চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর একটি জেলেপল্লিতে অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত বুধবার রাতে সন্ত্রাসীরা মাথিয়ারা গ্রামের জেলেপল্লিতে গিয়ে চাঁদা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের একপর্যায়ে চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাঁরা হলেন টুনি রানী জলদাস, আলো রানী জলদাস, সুকদেব দাস ও স্বপন দাস।
গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী সদর হাসপাতালে অন্তঃসত্ত্বা নারী টুনি রানী জলদাসের গর্ভপাত হয়েছে। ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ছরওয়ার জাহান বলেন, ওই নারীর স্বজনেরা বলেছেন, সন্ত্রাসীরা তাঁর পেটে লাথি মেরেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর গর্ভপাত হয়ে যায়।
হামলার ঘটনায় জেলেপল্লির বাসিন্দা জহরলাল দাস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।