অন্তঃসত্ত্বা শিশুটির দুঃসহ যন্ত্রণা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী (১২) এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত মেয়েটি বাড়িতে দুঃসহ যন্ত্রণায় সময় পার করছে। এ ঘটনায় ৯ এপ্রিল ভেদরগঞ্জের সখীপুর থানায় মামলা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার দিনমজুরের ওই মেয়েটি গত বছর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। প্রতিবেশী অষ্টম শ্রেণির ছাত্র সুমন ওরফে বাবু মৃধার সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের সুযোগ নিয়ে গত বছরের অক্টোবরে সুমন মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি ভয়ে পরিবারের কাউকে এ ঘটনা জানায়নি। একপর্যায়ে মেয়েটির শারীরিক পরিবর্তন পরিবারের সদস্যদের নজরে আসে। চিকিৎসার জন্য মেয়েটিকে নেওয়া হয় হাসপাতালে। এরপর মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বেরিয়ে আসে।
ঘটনা জানাজানি হলে সুমনের পরিবার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা মেয়েটির সঙ্গে সুমনের বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সুমনের পরিবার বিয়েতে নানা টালবাহানা করায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে ৯ এপ্রিল থানায় মামলা করা হয়। ১০ এপ্রিল শরীয়তপুর সদর হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, মেয়েটির গর্ভের সন্তানের বয়স ২৯ সপ্তাহ। মামলার পর থেকে সুমন ও তার পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে চলে গেছে।
শরীয়তপুর সদর হাসপাতালের প্রসূতি ও শিশু রোগবিষয়ক চিকিৎসক আম্বিয়া আলম বলেন, ‘আমি মেয়েটির আলট্রাসনোগ্রাম করে দেখেছি, সে মা হওয়ার জন্য প্রস্তুত নয়। শিশুটির শরীরে রক্তশূন্যতা রয়েছে। এখন থেকেই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করানো দরকার। তা না হলে প্রসবের সময় নবজাতক ও প্রসূতির জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।’
মেয়েটি বলে, ‘আমার অসহ্য কষ্ট হয়। আমার খুব ভয় হয় আমি বাঁচব কি না। আমি বাঁচতে চাই। আমাকে সহায়তা করেন।’
মেয়েটির মা বলেন, ‘আমরা গরিব বলে কারও কাছে বিচার পাইনি। টাকাপয়সা নেই। অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছি না।’