অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিডে ঝলসানোর অভিযোগ
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে লাকী চক্রবর্তী (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী অ্যাসিডদগ্ধ হয়েছেন। তাঁর অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার অপরাধে স্বামী বিষু চক্রবর্তী (৫০) তাঁর ওপর অ্যাসিড ছুড়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
লাকী চক্রবর্তী চাঁদপুর জেনারেল হাসপাতালে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ভাষ্য, স্বামীর অনিচ্ছা সত্ত্বেও সন্তানধারণের জন্য তিন মাস ধরে তাঁদের প্রায়ই ঝগড়া চলছিল। লাকী জানান, স্বামী বিষু চক্রবর্তী বলতেন, ‘“তুই মইরা যা, তুই মইরা যা!” আমি কখনো এর প্রতিবাদ করি নাই। আজ (মঙ্গলবার) ভোরে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ দেখি আমার শরীর জ্বইলা যাচ্ছে। সেখান থেকে আমি দ্রুত আমার মাসির বাড়ি যাই। তারাই আমাকে হাসপাতালে নিয়ে আসে।’ লাকীর বাবার নাম কুলন্দ মজুমদার। তিনি দিনমজুর।
চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সিরাজুল ইসলামের দেওয়া তথ্যমতে, লাকীকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাসিডে লাকীর গলার নিচ থেকে শরীরের সামনের অংশ ঝলসে গেছে। তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। ঢাকায় বা চাঁদপুরে কোথায় চিকিৎসা হবে—এ নিয়ে আজ (বুধবার) মেডিকেল বোর্ড বসবে বলে তিনি জানান।
লাকীর মা ভানু মজুমদারের অভিযোগ, দুই বছর আগে মতলব উপাদী ইউনিয়নের পল্লিচিকিৎসক বিষুর সঙ্গে লাকীর বিয়ে হয়। বিষু এর আগেও আরেকটি বিয়ে করেন। তাঁর আগের স্ত্রী আগুনে পুড়ে মারা যান। সে ঘরে বিষুর দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ কারণে বিষু চান না লাকীর আর কোনো সন্তান হোক। এর আগেও লাকী অন্তঃসত্ত্বা হন। কিন্তু জন্ম নেওয়ার আগেই সন্তানটি মারা যায়। আবার অন্তঃসত্ত্বা হওয়ায় লাকীর সঙ্গে বিষু অনেক ঝগড়া করেন। এর পরও তাঁরা তাঁকে কিছু বলেননি।
লাকীর খালু রাধা বৈদ্যের ভাষ্য, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তাঁরা থানায় মামলা করেননি। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ছাড়া এলাকার চেয়ারম্যান, মেম্বারও গেছেন। তাঁরা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে স্বামী বিষু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদের ভাষ্য, ঘটনার তদন্ত চলছে। কাউকে আটক করা হয়নি।