অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম আরজিনা বেগম (২২)। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী ফারুক হোসেন পলাতক রয়েছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের হাচেন আলীর ছেলে ফারুক হোসেনের সঙ্গে দেড় বছর আগে একই গ্রামের আয়ুব আলীর মেয়ে আরজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে আরজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ফারুক হোসেন। গত বৃহস্পতিবার রাতেও তিনি মারধর করলে আরজিনা অসুস্থ হয়ে পড়েন। রাত তিনটার দিকে তাঁকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে আরজিনা মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, আরজিনা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।