অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর ও লাথি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে গতকাল বুধবার শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজধানীর মুগদা থানার পুলিশ।
তানজিলা রহমান (২৭) নামের ওই গৃহবধূর স্বজনদের অভিযোগ, মানিকনগরের বাসায় সাড়ে চার বছরের ছেলের সামনে শাহ আলম স্ত্রীর ওপর নির্যাতন চালান। তবে গ্রেপ্তারের আগে হাসপাতালে শাহ আলম দাবি করেন, ঘুমের মধ্যে ছেলে সিয়াম পেটে লাথি দিলে তাঁর স্ত্রী ব্যথায় চিৎকার করে ওঠেন। তাঁকে দ্রুত হাসপাতালে এনেও বাঁচানো যায়নি।
পুলিশ ও তানজিলার স্বজনেরা বলেন, গত মঙ্গলবার মধ্যরাতে শাহ আলম মারধরের একপর্যায়ে পেটে লাথি দিলে অচেতন হয়ে পড়েন তানজিলা। এ দম্পতির সাড়ে চার বছরের ছেলে সব দেখেছে। তানজিলাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তানজিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তানজিলার খালু আবদুর রহমান ও খালা রহিমা বেগম বলেন, তানজিলারা দুই ভাইবোন। তাঁর বাবা, মা ও ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তানজিলার স্বামী ফোন করে তাঁর অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়ে দ্রুত বাসায় যেতে বলেন। দ্রুত মানিকনগরের বাসায় গিয়ে তাঁরা জানতে পারেন, তানজিলাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তানজিলাকে নিথর অবস্থায় দেখেন তাঁরা।
পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ভোর পৌনে চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।