অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, মৃত সন্তান প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা আসমা আক্তার গতকাল রোববার মৃত সন্তান প্রসব করেছেন। যশোরে স্বামী অন্তঃসত্ত্বা আসমার পেটে লাথি মারলে তাঁর রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আসমা আক্তারের (৩০) মা লুৎফা বেগম বলেন, যশোরের কোতোয়ালি থানাধীন সাজিয়ালী গ্রামের সোহেল রানা (৩৪) ও আসমা দুবাইয়ে ছিলেন। সেখানেই দুজনের পরিচয় হয়। ২০১৩ সালে দেশে ফিরে তাঁরা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর যৌতুকের জন্য আসমাকে নির্যাতন শুরু করেন সোহেল। মেয়ের সুখের কথা ভেবে তিনি (লুৎফা) কয়েক দফায় সোহেলকে ২ লাখ টাকা দেন। এরপরও সোহেল আসমার ওপর নির্যাতন অব্যাহত রাখেন। ২০ জুলাই যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা আসমাকে মারধর করেন সোহেল। একপর্যায়ে ১০ মাসের অন্তঃসত্ত্বা আসমার পেটে লাথি মারেন তিনি। এতে আসমার রক্তক্ষরণ শুরু হয়।
ঘটনার পর স্বামীর বাড়ি যশোর থেকে পলিয়ে সিরাজদিখানে আসেন আসমা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গতকাল তাঁর মৃত সন্তান হয়। এ ঘটনায় পরিবারের লোকজন মৃত সন্তান নিয়ে সিরাজদিখান থানায় সোহেলের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে পুলিশ তা নেয়নি।
এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও সোহেলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘ঘটনাস্থল যশোর থানা হওয়ায় আমরা অভিযোগটি সেই থানায় দেওয়ার পরামর্শ দিয়েছি। সেখানে অভিযোগ দেওয়ার পরে পুলিশ কোনো সহযোগিতা চাইলে আমরা তা করতে পারব।’