অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের ভয় থেকে ব্যবসায়ীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে ধারণ করা বাল্যবন্ধু নজরুলের সঙ্গে সুমনার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য প্রকাশের ভয় থেকে কিশোরগঞ্জের ভৈরবে পরিবহন ব্যবসায়ী নবী হোসেনকে হত্যা করা হয়। সুমনার পরিকল্পনায় নজরুল ইসলাম (৩৮) ও তাঁর দুই সহযোগী এ হত্যাকাণ্ড ঘটান।
কিশোরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত বৃহস্পতিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুমনা বেগম (৩০)।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুমনা জানান, প্রথম স্ত্রী রেখে কয়েক বছর আগে নবী তাঁকে বিয়ে করেন। ভৈরব শহরেই বাসা ভাড়া করে তাঁকে রাখেন নবী। কিন্তু কিছুদিন ধরে বাল্যবন্ধু নজরুলের সঙ্গে সুমনা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। নজরুল মুঠোফোনে তাঁদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিডিও করে রাখেন। পরে নবীকে সে ভিডিও দেখানোর হুমকি দিয়ে সুমনার সঙ্গে মেলামেশা চালিয়ে যাচ্ছিলেন নজরুল। তা ছাড়া সুমনাকে ভরণপোষণের টাকাও দিচ্ছিলেন না নবী। এসব কারণে নজরুলকে নিয়ে নবীকে হত্যার পরিকল্পনা করেন সুমনা। গত ২১ ডিসেম্বর রাতে নবীকে বাসায় ডেকে আনেন সুমনা। তারপর রাত দুইটার দিকে নজরুল ঘরে ঢুকে চাপাতির আঘাতে নবীকে সংজ্ঞাহীন করেন। পরে দুই সহযোগীকে নিয়ে পরিবহন ব্যবসায়ীর গলা কেটে হত্যা করে হাত, পা, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে নিয়ে ফেলেন। ২৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রাম বিজেশ্বরে পালিয়ে যান নজরুল ও সুমনা। সেখান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।