অন্ধ সেজে পরীক্ষা দিতে এসে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া মডেল বালিকা আলিম মাদ্রাসা কেন্দ্র। সেখানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সমন্বয়কারী পদে নিয়োগ পরীক্ষা চলছিল। কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি জেলা প্রশাসকের কাছে দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে সনদ দাখিল করে একজন শ্রুতলেখক সঙ্গে নিয়েছিলেন। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বাদ সাধলেন কেন্দ্র তত্ত্বাবধায়ক। পরীক্ষা চলাকালে তিনি লক্ষ করেন, ওই পরীক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী নন। শ্রুতলেখকও সাজানো।

পরে পুলিশ তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে জালিয়াতির ঘটনা। পরে ভ্রাম্যমাণ আদালত জালিয়াতির অভিযোগে ওই ভুয়া দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীকে দুই মাসের এবং তাঁর দুই সহযোগীকে এক মাস করে কারাদণ্ড দেন।

ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকালে সারা দেশে একযোগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সমন্বয়কারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের সাহেব আলী ওই কেন্দ্রে দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন। শ্রুতলেখক হিসেবে তাঁর খাতা লিখে দিচ্ছিলেন সাফায়াত হোসেন নামের এক ব্যক্তি। সাফায়াত হোসেনের বাড়ি মাগুরা পুলিশ লাইনপাড়ায়। সে পাবনার সালগাড়ি শহীদ এম মনসুর আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। জেলা প্রশাসকের কাছে দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে কাগজপত্র দাখিল করে ওই পরীক্ষার্থী।

ওই কেন্দ্র তত্ত্বাবধায়ক জানান, পরীক্ষা চলাকালে শ্রুতলেখককে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে পুলিশ তাঁদের দুজনকে এবং পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়ার জন্য আসা শিমুল নামের আরেকজনকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের দোষ স্বীকার করেছেন। পরে পরীক্ষার্থীকে দুই মাস এবং তাঁর দুই সহযোগীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।