
ইতালির নাগরিক সিজার তাবেলা খুনের ঘটনার পর ৭২ ঘণ্টার বেশি সময় কেটে গেছে, কিন্তু অপরাধীদের ব্যাপারে এখনো অন্ধকারেই হাতড়াচ্ছেন তদন্তকারীরা। এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারেননি তাঁরা।
পুলিশ সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সিজার হত্যাকাণ্ডের কারণ, উদ্দেশ্য ও সূত্রের বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট কোনো ধারণা পায়নি। পরে তিনি প্রথম আলোকে বলেন, হত্যার পর খুনিরা মোটরসাইকেলে করে গুলশান-২-এর ৮৩ নম্বর সড়ক ধরে ৮৯ নম্বর দিয়ে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ৮৩ নম্বরের সড়ক বাতি বন্ধ থাকায় ওই সড়কের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়ভিডিও ফুটেজে হত্যাকারীদের অস্পষ্ট ছবি দেখা গেলেও কাউকে শনাক্ত করা যায়নি। ৮৯ নম্বর সড়ক ছাড়া অন্য সব সড়কে সিসি ক্যামেরা আছে। ওই সব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করা যায়নি।
মনিরুল ইসলাম বলেন, সিজারের শরীর থেকে উদ্ধার হওয়া গুলিটি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা যথাক্রমে সিআইডির ব্যালিস্টিক ও ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে গুলি কী ধরনের অস্ত্র থেকে বেরিয়েছে এবং কটি আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট চারজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, সিজার হত্যা মামলা নিয়ে তাঁরা অন্ধকারে আছেন। এ নিয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কোনো তথ্য তাঁদের কাছে নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করার আশা তাঁরা ছেড়ে দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিজার তাবেলা (৫০)।
তদন্তকারী কর্মকর্তারা ঘটনার প্রত্যক্ষদর্শী, সিজারের সহকর্মী, তাঁর বাসায় যাঁরা আসতেন এবং ওই বাড়ির নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। তাঁরা বলেন, সিজারের বাসা ও কর্মস্থল থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও মুঠোফোন পরীক্ষা করেছেন। ঘটনার দিন সিজার বারিধারায় অবস্থিত আমেরিকান স্কুলের হেলথ ক্লাবের সুইমিং পুলে সাঁতার কেটে হেঁটে তাঁর বাসায় ফিরছিলেন। তাঁর একটি ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ।
গতকাল ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান কূটনৈতিকদের নিরাপত্তায় বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আ. আহাদ বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) কূটনীতিকসহ বিদেশিদের নিরাপত্তা দিতে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। সিজার খুনের রহস্য উদ্ঘাটনে ডিবির ১১ সদস্যের গঠিত তদন্ত সহায়তা কমিটি তাদের করণীয় নিয়ে গতকাল সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বৈঠক করে। সেখানে প্রত্যেকে নিজেদের কাজ বুঝে নিয়েছেন।
সিজারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রাখা হয়েছে। গুলশান বিভাগের পুলিশ কর্মকর্তারা বলেন, ইতালির দূতাবাস লাশের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।
এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি সরকার নজরদারি করছে।
গত সোমবার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের দক্ষিণ পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে ফুটপাতে দুই অস্ত্রধারী সিজারকে (৫০) রিভলবার দিয়ে পর পর তিনটি গুলি করে আগে থেকে অপেক্ষায় থাকা একজনের মোটরসাইকেলে চড়ে ৮৩ নম্বর সড়ক ধরে দ্রুত পালিয়ে যায়। পরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে সিজারের মৃত্যু হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রুফের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের হেলথ ক্লাবের সদস্য ছিলেন।
আরও পড়ুন: