অন্ধদের নামে 'চাঁদাবাজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে পাঁচ টাকা মূল্যের ‘অন্ধ কল্যাণ সিল’ গছিয়ে দিচ্ছে জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা নামে একটি বেসরকারি সংস্থা।
সাভার, ধামরাই এবং মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা বলেন, ওই সংস্থাটি দুই থেকে তিন বছর পরপরই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অন্ধ কল্যাণ সিল পাঠায়। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনাসংবলিত চিঠি থাকায় তা বিক্রির জন্য স্কুলে স্কুলে বিতরণ করা হয়। কিন্তু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এসব সিল কিনতে সব সময় অনীহা প্রকাশ করেন।
ঢাকার ধামরাইয়ের নাগেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন, জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ২০১৩ সালে তাঁর বিদ্যালয়ে পাঁচ টাকা মূল্যের ২০০টি অন্ধ কল্যাণ সিল পাঠিয়েছিল। বিক্রি করতে না পারায় সিলের মূল্য বাবদ এক হাজার টাকা শিক্ষকদেরই পরিশোধ করতে হয়েছে।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস বলেন, তাঁর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিক্রির জন্য ২০১৩ সালে কয়েক হাজার অন্ধ কল্যাণ সিল পাঠানো হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে ওই সিল বিক্রি করে সে সময় সংস্থাটিকে ১২ হাজার টাকা দেওয়া হয়েছিল। এ বছর তাঁর এলাকার ৫৮টি বিদ্যালয়ে বিক্রির জন্য আবারও সিল পাঠানো হয়েছে। শিক্ষকদের আপত্তির কারণে এসব বিতরণ করা হয়নি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চক মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাতেম আলী বলেন, তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২১০ জন। অথচ উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে তাঁকে দেওয়া হয়েছে ২৫০টি সিল। কেউ এ সিল কিনতে চাচ্ছে না। একই রকম অভিযোগ করলেন উপজেলার হরগজ চরপাড়া ও সালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
সিল পাঠানো হয়েছে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও। সাটুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, সিল বিক্রির জন্য তাঁর বিদ্যালয়ে চিঠি দিয়েছেন ইউএনও। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাবেরা সুলতানা বলেন, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনাসংবলিত চিঠি থাকায় বিক্রির জন্য সেগুলো স্কুলে স্কুলে বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস বলেন, ‘সংস্থাটি সিল বিক্রির টাকা দিয়ে অন্ধদের ভাগ্য উন্নয়নে কী কাজ করে তা আমার জানা নেই। এসব না জেনেই আমরা কাজ করে যাচ্ছি।’
মানিকগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার উপজেলায় ৩৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর সবাই দরিদ্র। এদের কাছ থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করে দেব আর এ টাকা নিয়ে সংস্থাটি কী করবে তা আমরা জানতে পারব না এটা ঠিক না। এ কারণে আমি কোনো স্কুলে সিল বিতরণ করিনি।’
ধামরাই উপজেলা দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি হাফিজ উদ্দিন বলেন, ‘আমাদের সংস্থায় প্রায় ৩০০ সদস্য রয়েছে। যাদের সবাই অন্ধ। কিন্তু জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী নামে সংস্থাটি আমাদের কোনো সহায়তা করেনি।’
এ বিষয়ে কথা বলতে চাইলে জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মাঈনুদ্দিন চৌধুরী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশেদা ফেরদৌস বলেন, ‘বিভাগীয় কমিশনারের আদেশের কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আসলে আমার ওই সংস্থা সম্পর্কে কোনো ধারণা নেই।’