অন্ধের যষ্টিও চোরে নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

মানুষটার চোখে আলো নেই। তবে কণ্ঠে আছে সুর। গানকেই সম্বল করে পথে পথে খঞ্জনি আর মন্দিরা বাজিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। গত বুধবার রাতে বাদ্যযন্ত্র দুটি চুরি হয়ে গেছে। এর পর থেকেই কেঁদে চলেছেন অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪৫)।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা চিটুয়ানোয়াপাড়া গ্রামের মানুষ রফিকুল। নিজের ভিটেমাটি না থাকায় একেক সময় একেকজনের বাড়িতে আশ্রিত থাকেন। বর্তমানে সান্দিকোনা গ্রামের সবুজ মিয়ার বাড়িতে আছেন তিনি। সেখান থেকেই চুরি যায় বাদ্যযন্ত্রগুলো।
গতকাল শুক্রবার সরেজমিনে সান্দিকোনা গ্রামে গিয়ে কথা হয় রফিকুলের সঙ্গে। তিনি বলেন, ‘যন্ত্রডি চুরি কইরা আমারে ঠাইত মাইরা ফালাইছে।’ তিনি আরও বলেন, ‘যন্ত্রডি কিনতে গেলে এহন হাজার খানেক টেহা লাগব। আমি এত টেহা পামু কই?’
রফিকুলের স্ত্রী হাজেরা বেগম বলেন, ‘এই যন্ত্র দুইডাই ছিল আমাগের গিরস্তি। এহন যন্ত্রের লাইগ্যা তিনি (স্বামী) শুধু কানতাছেন।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলায় টাইফয়েডে রফিকুল দৃষ্টি হারান। কিন্তু গানবাজনার প্রতি প্রবল ঝোঁক থেকে শুনে শুনে তা আয়ত্তের চেষ্টা চালিয়ে যান। একসময় জীবিকার তাগিদে এ সুরকেই আশ্রয় করেন তিনি। খঞ্জনি ও মন্দিরা বাজিয়ে হাটবাজারে গান করেন। মানুষ মুগ্ধ হয়ে হাতে তুলে দেয় দু-চার টাকা। এই তাঁর রোজগার।
আশ্রয়দাতা সবুজ মিয়া বলেন, ‘মানুষডা বড় অসহায়। বাড়িঘরও নাই। গান গাইয়া চলে। এই মানুষডার যন্ত্রডি লইয়া গেল। কেরা এমন কামডা করল বুঝতাছি না।’