অন্য জেলার কলের লাঙল দিয়ে হালচাষে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় কলের লাঙলের (ট্রাক্টর) তুলনায় অন্য জেলা থেকে জমি হালচাষে আসা কলের লাঙলের ভাড়া কম। এ কারণে ঠাকুরগাঁওয়ের ট্রাক্টরচালকেরা অন্য জেলা থেকে হালচাষে আসা ট্রাক্টরগুলোকে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে আমন চাষিরা স্থানীয় চালকদের বেঁধে দেওয়া বাড়তি ভাড়ায় জমিতে হালচাষ করতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক।
গতকাল বুধবার সকালে কথা হয় সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের আমন চাষি রওশন আলীর সঙ্গে। সে সময় তিনি অভিযোগ করে বলেন, আমন চারা রোপণের জমি তৈরির জন্য স্থানীয় ট্রাক্টরমালিকদের পেছনে ঘুরেও ট্রাক্টর পাওয়া যায়নি। অবশেষে তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরে গিয়ে স্থানীয় দরের চেয়ে ৪০০ টাকা কম দরে দুই একর জমি হালচাষের জন্য এক ট্রাক্টরমালিকের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত শনিবার ওই মালিকের ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ শুরু করেন তিনি। কিন্তু স্থানীয় চালকেরা ওই ট্রাক্টরের চালককে মারধর করে তাড়িয়ে দেন।
একই এলাকার আরেক কৃষক গোবিন্দ বর্মণ বলেন, জেলার ট্রাক্টরচালকেরা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে একই দর নির্ধারণ করেছেন। যেখানে জেলার বাইরের চালকেরা এক একর জমি হালচাষের জন্য নিচ্ছেন ৭৫০ থেকে ৮০০ টাকা, সেখানে সমপরিমাণ জমি চাষ করতে স্থানীয় চালকেরা নিচ্ছেন এক হাজার টাকা। এতে জেলার কৃষকদের এক একর জমিতে আমন ধান উৎপাদনে অন্তত ২০০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
বগুড়া থেকে আসা ট্রাক্টরের এক চালকের সঙ্গে জমি চাষের চুক্তি করে স্থানীয় চালকদের আক্রোশের শিকার হন জগন্নাথপুর গ্রামের আমন চাষি নজরুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় দরের চেয়ে কম দরে জমি চাষ করতে চাইলে স্থানীয় চালকেরা জেলার বাইরের চালকদের বাধা দিচ্ছেন। বাধা অমান্য করলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বগুড়া থেকে আসা আহসানুল্লাহ নামের এক চালককে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন স্থানীয় চালকেরা। তাঁর মতো দৌলতপুর গ্রামের রনজিত রায়, সিংগীয়া গ্রামের হারুন আর রশীদসহ আরও কৃষক একই অভিযোগ করেন।
এ বিষয়ে ট্রাক্টরচালক লিটন মিয়া বলেন, ‘বাইরের চালকেরা এখানে এসে যে পরিমাণ জমি চাষ করেন, মালিককে তার চেয়ে কম পরিমাণ জমি চাষের কথা বলেন। এভাবে তাঁরা তাঁদের মালিকদের সঙ্গে প্রতারণা করছেন। আর এ প্রতারণার কারণে তাঁরা এখানে আমাদের চেয়ে কম টাকায় জমি চাষ করতে পারছেন।’ বাইরের চালকদের মারধরের কথা তিনি অস্বীকার করেন।
ঠাকুরগাঁওয়ের ট্রাক্টরমালিক আশরাফুল হক বলেন, ‘ট্রাক্টরভাড়ার দর নির্ধারণ করা হয় ডিজেলের খরচ, রক্ষণাবেক্ষণ ও চালকের মজুরির ওপর। প্রতি মৌসুমে বিভিন্ন জেলা থেকে চালকেরা এখানে এসে কম দরে হালচাষ করেন। সে হিসেবে হালচাষ করতে গেলে চালকদের হাতে কিছু থাকার কথা নয়। এ কারণে অন্য জেলার চালকদের ওপর স্থানীয়দের ক্ষোভ থাকে।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, খদ্দের যেখানে কম দর পাবেন, সেখানেই যাবেন। অন্য জেলা থেকে হালচাষে আসা চালকদের বাধা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।