অন্য দলের অফিস যুবলীগের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজারের বিএনপি সমর্থকদের তিনটি দোকান ও স্বেচ্ছাসেবক দলের কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই বাজারের ১০৮ জন ব্যবসায়ী গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।
শেরকোল নীচাবাজার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, বাজারের সরকারি খাসজমির ওপর দোকান নির্মাণ করে ৩০ বছর ধরে ব্যবসা করছেন স্থানীয় বিএনপি কর্মী আবু সায়েম, খলিলুর রহমান, আনসার আলী ও আবদুল জব্বার। ইজারা নেওয়ার জন্য তাঁরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেও রেখেছেন। কিন্তু গত সোমবার রাতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, যুবলীগ কর্মী সেন্টু পারভেজ ও বাবলু মৃধা তাঁদের দোকানের সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে তালা লাগিয়ে দেন। এর ১৫ দিন আগে তাঁরা বাজারে অবস্থিত স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন অফিস দখল করে সেখানে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির ডাকে গতকাল সকাল থেকে বাজারের ১০৮টি দোকান অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছে। সরেজমিনে দেখা যায়, কয়েকটি দোকানের সামনে আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। আর সব দোকানে তালা লাগানো।
ব্যবসায়ী আনসার আলী বলেন, ‘নিজের টাকায় ঘর নির্মাণ করে ৩০ বছর ধরে ব্যবসা করছি। অথচ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী রাতারাতি তা দখল করে নিজেদের কাজে ব্যবহার করছে। এটা কোনোভাবেই মানতে পারি না।’
বাজার কমিটির সভাপতি এমরান আলী বলেন, ‘ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে না দিলে এবং বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় না থাকলে আমরা ধর্মঘট চালিয়ে যাব।’
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দোকান দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দোকানগুলো শেরকোল ইউনিয়ন পরিষদের।তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিবের কাছ থেকে তাঁরা লিখিত কাগজ নিয়েছেন। তাই এসব দোকান এখন তাঁদের। আর স্বেচ্ছাসেবক দলের অফিস দখল করে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘যাঁরা
ওই অফিসটি খুলেছিলেন, তাঁরা সবাই সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছেন। তাই তাঁরা আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়েছেন।’
তাছাড়া ইউনিয়ন পরিষদ থেকে ওই ঘরটির জন্য মাসিক ১৫০ টাকা ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
লুৎফুল হাবিব জানান, দোকানঘরগুলো সরকারি খাসজমির ওপর হলেও তা পরিষদ ভবনসংলগ্ন। সবাই দোকানগুলো পরিষদের মার্কেট হিসেবে জানেন। অভিযোগকারীরা যুগ যুগ ধরে ভাড়া পরিশোধ করেননি। তাই তাঁদের পরিবর্তে অন্যদের নামে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।