অন্যকে ফাঁসাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় অস্ত্র ও গুলি দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে কৌশিক ফয়সাল (২৫) নামের এক তরুণ নিজেই ফেঁসে গেছেন। এ ঘটনায় ফয়সাল ও তাঁর তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কৌশিক ফয়সাল সদর উপজেলার বক্তারপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া অপর তিন তরুণ হলেন সদর উপজেলার বক্তারপুর গ্রামের ফারুক হোসেন (২৫), একই গ্রামের রিপন হোসেন (২৩) ও দোগাছী গ্রামের আল রাহিদ রিমন (২৪)।
সদর উপজেলার চকবুলাকী গ্রামের ইকবাল হোসেনের মেয়ে রিয়া খাতুনের সঙ্গে চট্টগ্রামের পটিয়ার সৌদিপ্রবাসী ইসরাফিল আলমের বিয়ে হয়। গতকাল শুক্রবার ছিল রিয়া ও ইসরাফিলের বৌভাত।
ডিবি পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে ফারুক ফোন করে ডিবিকে জানান, ইকবালের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক রয়েছে, যা লুকিয়ে রেখেছেন তাঁর মেয়ের জামাই ইসরাফিল। তাঁর দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার রাতে ইকবালের বাড়ি থেকে একটি দেশে তৈরি ওয়ানগান শুটার ও একটি গুলি উদ্ধার করে ডিবি পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিষয়টি সন্দেহ হলে ডিবি ফারুককে ডেকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। তাঁর দেওয়া তথ্য অনুসারে ঘটনার মূল নায়ক কৌশিক ফয়সালসহ তাঁর অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে ওই চার তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।